বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬,
জেলার সংবাদ

নীলফামারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

শহিদুল ইসলাম

নভেম্বর ২৬, ২০২৬, ০১:৪৫ পিএম

নীলফামারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

প্রাণিসম্পদ সপ্তাহের র‍্যালি। ছবি: দিনাজপুর টিভি

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে নীলফামারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে নীলফামারী সদর উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালি শেষে অতিথিরা প্রদর্শনী স্টল ঘুরে দেখেন এবং খামারিদের সঙ্গে মতবিনিময় করেন।

ফিতা কেটে উদ্বোধন। ছবি: দিনাজপুর টিভি

পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নেয়ামত আলী।

আলোচনা সভায় বক্তারা বলেন, অর্থনৈতিক সমৃদ্ধি ও পুষ্টি চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব অপরিসীম। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও খামারিদের সঠিক প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে দেশীয় চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানির বিশাল সম্ভাবনা রয়েছে।

সভায় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারীর উপপরিচালক মোছা. হোমায়রা মণ্ডল, জেলা মৎস্য কর্মকর্তা বরুন কুমার মণ্ডল, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস এম ফরহাদ নোমান, নীলফামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহমেদ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বির আমাতুল্লাহ।

এছাড়া স্থানীয় খামারি, জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।