নভেম্বর ২৫, ২০২৬, ১০:৫৫ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকায় বিক্ষোভ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা-কর্মীরা। আগরতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের আসার খবর ছড়িয়ে পড়ার পর সীমান্তের এপারে এই বিক্ষোভ হয়।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল চারটার দিকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিওপি ক্যাম্পের ফটকের সামনে নেতা-কর্মীরা জড়ো হয়ে স্লোগান দেন।
বিএনপির নেতা-কর্মীরা জানান, দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বাহাউদ্দিন নাছিম ও আলাউদ্দিন চৌধুরীকে আগরতলা বিমানবন্দরে দেখা যায়। তাঁরা আগরতলা সীমান্ত এলাকায় আসতে পারেন- এমন খবরও ছড়িয়ে পড়ে। এরপর বেলা সাড়ে তিনটা থেকে আখাউড়া উপজেলা বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা স্থলবন্দর এলাকায় জড়ো হতে থাকেন।
বিক্ষোভে আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বলেন, ‘আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানকসহ একটি দল আগরতলায় অবস্থান করছে। তারা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে নাশকতা করতে চাচ্ছে। তাই আমরা সীমান্ত এলাকায় জড়ো হয়েছি। ফ্যাসিস্টদের কাউকে এই দেশে প্রবেশ করতে দেওয়া হবে না।’
বিষয়টি নিয়ে জেলা বিএনপির পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার বিকেলে জেলা বিএনপির দপ্তর সম্পাদক সামসুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় পলাতক নেতা জাহাঙ্গীর কবির নানক আগরতলা বিমানবন্দরের কাছাকাছি অবস্থান করে দেশের ভেতরে ষড়যন্ত্রমূলকভাবে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা করছেন। বিজ্ঞপ্তিতে সীমান্তসংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা, আখাউড়া ও বিজয়নগর থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকদের জরুরি ভিত্তিতে সংগঠিত হয়ে সতর্ক অবস্থায় থাকার অনুরোধ জানানো হয়।
বিকেলে আখাউড়া স্থলবন্দর এলাকা ও আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট এলাকার বিজিবির বিওপি ক্যাম্প পর্যন্ত পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
পরিদর্শন শেষে সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া জেলার তিনটি সীমান্তবর্তী উপজেলা রয়েছে। আমরা খবর পেয়েছি তিন উপজেলার যেকোনো একটি প্রবেশদ্বার দিয়ে জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি দল নাশকতা করার জন্য প্রবেশ করার চেষ্টা করছে। কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুসারে আমাদের নেতা-কর্মীদের সীমান্তে অবস্থান করার জন্য নির্দেশ দিয়েছি। তারা সবাই সীমান্তের বিভিন্ন স্থানে অবস্থান করছে।’
তিনি আরও বলেন, ‘আগরতলার সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে জাহাঙ্গীর কবির নানকসহ একটি দল অবস্থান করছে। একটি নির্বাচিত সরকারকে ভারতের পৃষ্ঠপোষকতায় অস্থিতিশীল করার জন্য যেকোনো পাঁয়তারা এ দেশের জনগণকে নিয়ে বিএনপি সরকার রুখে দেবে। এ দেশে কোনো অপতৎপরতা করার জন্য আমরা দেব না। আমাদের নেতা-কর্মীরা ও প্রশাসন সজাগ আছে।’
বিকেলে সরেজমিনে দেখা যায়, আখাউড়া স্থলবন্দরে পুলিশ, বিজিবি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা দায়িত্ব পালন করছেন।
জানতে চাইলে বিজিবির ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে আরও বেশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। সীমান্ত দিয়ে কাউকে অবৈধভাবে প্রবেশ বা অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। আর আখাউড়ার সীমান্ত দিয়ে কারও প্রবেশের কোনো তথ্য তাদের কাছে নেই।
উল্লেখ্য, এর আগে গত রোববার ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত এলাকায় জাহাঙ্গীর কবির নানক ও বাহাউদ্দিন নাছিমসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের আসার খবর পাওয়া যায়। তাঁরা পেট্রাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন সেন্টারে ঘণ্টা দুয়েক অবস্থান করেন। আওয়ামী লীগের নেতারা একটি সাদা গাড়িতে করে এসে ওই ইমিগ্রেশন সেন্টারে ঢোকেন। তবে সেখানে তাঁরা কী করেছেন, সে সম্পর্কে অভিবাসন দপ্তর, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বা রাজ্য পুলিশের অধীন পেট্রাপোল থানা কোনো মন্তব্য করতে চায়নি।
ব্রাহ্মণবাড়িয়ার আরেক সীমান্ত এলাকা বিজিবির সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীনে পড়েছে। এই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ বলেন, সীমান্তে টহল অনেক বেশি জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে কোনো অবৈধ প্রবেশ বা অনুপ্রবেশ করতে দেওয়া হবে না।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন