নভেম্বর ২৫, ২০২৬, ০৬:১৪ পিএম
কলা বিক্রির পর গাছটা ফেলে দেওয়াই ছিল নিয়ম। সেই ফেলে দেওয়া কলাগাছের বাকল থেকেই এখন তৈরি হচ্ছে রপ্তানিযোগ্য আঁশ। নোয়াখালীর সুবর্ণচরের উদ্যোক্তা শংকর চন্দ্র মজুমদার এই আঁশ বিক্রি করে গড়েছেন লাখ টাকার ব্যবসা। প্রথম চালানেই তিনি ১২০ কেজি আঁশ বিক্রি করে আয় করেছেন প্রায় অর্ধ লাখ টাকা।
বুধবার (২৫ নভেম্বর) সুবর্ণচর উপজেলার চর আমানুল্লাহ এলাকায় শংকর চন্দ্র মজুমদারের এই উদ্যোগে এখন কাজ করছেন ১০ থেকে ১৫ জন মানুষ। পরিবারের সদস্যদের পাশাপাশি পাশের গ্রামের মানুষেরও কর্মসংস্থান হয়েছে এখানে।
তিন বছর বেকার ছিলেন শংকর চন্দ্র মজুমদার। ছেলেমেয়ে, মা-বাবা আর ছোট ভাইকে নিয়ে কষ্টে কেটেছে সেই দিনগুলো। ইউটিউবে কলাগাছ থেকে আঁশ তৈরির মেশিনের ভিডিও দেখে তার মাথায় আসে এই ব্যবসার কথা। ভিডিওটি তিনি দেখান মা-বাবা ও স্ত্রীকে।
শংকর চন্দ্র মজুমদারের মা জানান, শুরুতে টাকা-পয়সা ছিল না তাদের। সমিতি থেকে ঋণ নেওয়া হয়। ধার-দেনা করে আর তার ও পুত্রবধূর কানের সোনা বিক্রি করে কেনা হয় মেশিনটি।
ঢাকার গাজীপুর থেকে ১ লাখ ২০ হাজার টাকায় মেশিনটি কেনেন শংকর চন্দ্র মজুমদার। কাজটি হাতে-কলমে শিখতে তার সময় লাগে ১০ থেকে ১২ দিন।
কাঁচামাল জোগাড়ের পদ্ধতিটাও সহজ। বাগান জমে গেলে মালিকেরা খবর দেন শংকর চন্দ্র মজুমদারকে। তার লোকেরা গিয়ে বিনা খরচে বাগান সাফ করে কলাগাছ নিয়ে আসে। এতে বাগান মালিকের সাফাইয়ের খরচ বেঁচে যায়।
মেশিনে কলাগাছের বাকল ঢুকিয়ে দিলেই বেরিয়ে আসে আঁশ। সেই আঁশ পরিষ্কার পানিতে ধুয়ে, চিপে রোদে শুকাতে হয় প্রায় দুই ঘণ্টা। শুকনো আঁশ বান্ডিল করে প্যাকেট করা হয়। কলাগাছের ডোগা থেকেও বের হয় আরও খাঁটি আঁশ। বড় মোটা একেকটি গাছ থেকে মেলে প্রায় ৯০০ গ্রাম আঁশ।
শংকর চন্দ্র মজুমদার বলেন, মেশিনে দেওয়ার পর যে অবশিষ্টাংশ বের হয়, তা দিয়েও গরুর খাদ্য ও জৈব সার বানানো যাবে। তার ভাষায়, কলাগাছের কোনো কিছুই ফেলতে হয় না।
সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত মেশিন চালালে দিনে প্রায় ১৫ কেজি আঁশ উৎপাদন করা সম্ভব। প্রথম মাসে তার বিদ্যুৎ বিল এসেছে ১ হাজার ৫০০ টাকা।
আঁশের দাম নির্ভর করে মানের ওপর। ধবধবে সাদা ও চিকন আঁশের কেজি ৫০০ টাকা। লালচে আঁশের কেজি ৩০০ টাকা, আর নিচের মানের আঁশের কেজি ১৫০ টাকা। এখন তিনি বিক্রি করছেন ঢাকার এক ডিলারের কাছে। তবে সরাসরি ক্রেতা পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। তার মোট বিক্রি এখন প্রায় ১ লাখ টাকার কাছাকাছি।
একই মেশিনে কচুরিপানা থেকেও আঁশ বের করছেন শংকর চন্দ্র মজুমদার। ভালো মানের কচুরিপানার আঁশের কেজি ৭০০ টাকা। এই আঁশ দিয়ে তৈরি হচ্ছে পোশাক, ফুলদানি আর কুটিরশিল্পের নানা পণ্য। বাংলাদেশেও পাবনাসহ বিভিন্ন জায়গায় ছোট পরিসরে এই আঁশ দিয়ে হস্তশিল্প তৈরি হচ্ছে।
শংকর চন্দ্র মজুমদার বলেন, সরকারি সহায়তা বা ঋণ পেলে তিনি আরও দুই-চারটি মেশিন বাড়াতে চান। তাতে আরও ৫০ থেকে ৬০ জন মানুষের কর্মসংস্থান হবে বলে তার আশা।
বৈদেশিক বাজারে এই আঁশের চাহিদা বর্তমানে যে পরিমাণে ক্ষুদ্র পরিসরে উৎপাদন হচ্ছে, তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন