বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

বঙ্গোপসাগরে জেগে ওঠা নতুন দ্বীপ চর বিজয়

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৬, ০৬:২১ পিএম

বঙ্গোপসাগরে জেগে ওঠা নতুন দ্বীপ চর বিজয়

সাগরে জেগে ওঠা চর বিজয়

কুয়াকাটা থেকে সাগরের দিকে এগোলেই একসময় চোখে পড়ে পানির মাঝে জেগে থাকা বিস্তীর্ণ এক বালুচর। নাম চর বিজয়। শীতে এই চর জেগে ওঠে বিস্তীর্ণ বালুচর হয়ে, বর্ষা এলেই আবার অনেকটা তলিয়ে যায় পানির নিচে।

বুধবার (২৫ নভেম্বর) পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার এই চর ঘিরে পর্যটকদের আগ্রহ এখন তুঙ্গে। কুয়াকাটা থেকে এর দূরত্ব আনুমানিক ৩০ থেকে ৪০ কিলোমিটার। ট্রলার বা পর্যটকবাহী নৌযানে যেতে সময় লাগে দেড় থেকে দুই ঘণ্টা।

যাত্রাপথে উপকূল ধীরে ধীরে চোখের আড়াল হয়ে যায়। চারদিকে থাকে শুধু নীল জলরাশি।

২০১৭ সালের ডিসেম্বরে চরটি প্রথম ব্যাপকভাবে নজরে আসে। বিজয়ের মাসে নজরে আসায় পর্যটকরাই এর নাম দেন চর বিজয়। তবে স্থানীয় জেলেরা চরটিকে আগে থেকেই চিনতেন হাইরের চর নামে। জেলেদের জানা জায়গাটাই পর্যটকদের কাছে হয়ে ওঠে নতুন আবিষ্কার।

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী চরটির আয়তন আনুমানিক ৫ হাজার একর, প্রায় ২০ বর্গকিলোমিটারের কাছাকাছি। কিন্তু এই দ্বীপ সারা বছর একরকম থাকে না। বছরের বড় একটা সময় চরটি পানির নিচে তলিয়ে থাকে। বর্ষায় আর সাগরের পানি বেড়ে গেলে এর অনেক অংশই ডুবে যায়। শীতে পানি কমে এলে ধীরে ধীরে জেগে ওঠে বিস্তীর্ণ বালুচর।

চর বিজয় শুধু একটি দ্বীপের গল্প নয়। বিভিন্ন গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের উপকূলে প্রতিবছর গড়ে প্রায় ৫২ বর্গকিলোমিটার নতুন ভূমি জন্ম নেয়। আবার ভাঙনে হারিয়ে যায় প্রায় ৩২ বর্গকিলোমিটার জমি।

চরে পা রাখলেই চোখে পড়ে বালুচরজুড়ে ছুটে বেড়ানো লাল কাঁকড়ার দল। কাছে গেলেই এরা সুরসুর করে গর্তে ঢুকে পড়ে। সরে গেলে আবার বেরিয়ে আসে নিজের জগতে। প্রতিবছর নভেম্বর থেকে শুরু হয় অতিথি পাখির আগমন। পুরো শীতের মৌসুমজুড়ে পাখির কলকাকলিতে প্রাণবন্ত থাকে চরটি, আকাশজুড়ে চলে সাদা গাংচিলের ওড়াউড়ি।

এখানে হোটেল নেই, রেস্টুরেন্টও নেই।

চরে প্রচলিত পর্যটনকেন্দ্রের কোনো ব্যবস্থা নেই। আছে শুধু সাগরযাত্রা, নির্জন দ্বীপ, পাখি দেখা, বালুচরে হাঁটা, সূর্যোদয় আর সূর্যাস্ত। থাকার সুযোগ না থাকায় কুয়াকাটা থেকে সকালে গিয়ে দিনের মধ্যেই ফিরতে হয়।

স্থানীয় সাংবাদিক ও ট্যুর অপারেটরদের মতে, এই চরের পর্যটন সম্ভাবনা নিয়ে কোনো সংশয় নেই। সঠিক উদ্যোগ নেওয়া হলে এখানে বিশাল জনসমাগম হতে পারে। সরকার বিশেষ উদ্যোগ হাতে নিলে স্থানীয় অর্থনীতি চাঙ্গা হবে, তৈরি হবে নতুন নতুন কর্মসংস্থানও।

তবে যে দ্বীপের সৌন্দর্য তার নির্জনতায়, সেখানে কতটা উন্নয়ন হবে আর সেই উন্নয়ন কাঁকড়া আর পাখিদের এই জগৎ অক্ষত রাখতে পারবে কি না, সেই প্রশ্নের উত্তর এখনো মেলেনি।