নভেম্বর ২৫, ২০২৬, ০৫:৪২ পিএম
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে ঝালকাঠি প্রেসক্লাব চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
তিনি বলেন, গত বছরগুলোতে বাংলাদেশের মানুষ খুন ও গুমের শিকার হয়েছে এবং এই দুঃশাসন থেকে মুক্তি পেতে ঐতিহাসিক ছাত্র আন্দোলন ও জাতীয়তাবাদী শক্তির ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে মুক্তি মিলেছে। এ দেশ ঐক্যবদ্ধভাবে স্বাধীন করা হয়েছে উল্লেখ করে ইলেন ভুট্টো বলেন, জিয়াউর রহমান যে বাংলাদেশ চেয়েছিলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তারই প্রতিচ্ছবি। তিনি চেয়েছিলেন এ দেশে গণতন্ত্র ও স্বাধীনতা থাকবে এবং মানুষের ভোটের অধিকার থাকবে, আর যেখানে ভোটের অধিকার থাকবে সেই রাষ্ট্র হবে সবার। তবে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করার পাশাপাশি দেশ নিয়ে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়ার কথা বলেন তিনি।
সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান সংসদ সদস্য ইলেন ভুট্টো।
বিক্ষোভ মিছিলে জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু, সাবেক সাধারণ সম্পাদক মনির ইসলাম নুপুর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোকন মল্লিক, জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, সদস্যসচিব আনিসুর রহমান খান ও আজাদুর রহমানসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন