নভেম্বর ২৫, ২০২৬, ০৫:৪৮ পিএম
বিয়ের সিদ্ধান্ত মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বাঁক। তাই শুধু বাহ্যিক সৌন্দর্য কিংবা তাৎক্ষণিক ভালো লাগার ওপর নির্ভর করে জীবনসঙ্গী নির্বাচন করা উচিত নয়। বরং সম্ভাব্য সঙ্গীর দয়া, সহমর্মিতা, জীবনবোধ, ভবিষ্যৎ পরিকল্পনা ও ব্যক্তিত্বের সামগ্রিক দিক বিবেচনা করা জরুরি। ইসলামের দৃষ্টিতে জীবনসঙ্গী নির্বাচনে ধর্মীয় মূল্যবোধকে বিশেষ গুরুত্ব দেওয়ার পাশাপাশি আরও কয়েকটি বিষয় খেয়াল রাখা প্রয়োজন।
মুসলমানদের কাছে আদর্শ স্বামীর সবচেয়ে উত্তম উদাহরণ হলেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। তিনি ছিলেন অত্যন্ত স্নেহশীল, দয়ালু, বিনয়ী, সহানুভূতিশীল, বিশ্বস্ত ও উদার। জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁর আদর্শ পরিপূর্ণ এবং তাঁর গুণাবলির তালিকা এতটাই দীর্ঘ যে তা বলে শেষ করা কঠিন। এ কারণে জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেক মুসলিম নারীর জন্য নবীজির আদর্শই অনুসরণীয় মানদণ্ড।
অন্যদিকে, আদর্শ স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে মুসলিম পুরুষদের জন্যও রয়েছে মহানবী (সা.)-এর সুস্পষ্ট নির্দেশনা। সহিহ বুখারির বর্ণনায় তিনি বলেছেন, চারটি বিষয় দেখে কোনো নারীকে বিয়ে করা হয়—তার সম্পদ, বংশমর্যাদা, সৌন্দর্য ও দ্বীনদারি। তবে তুমি দ্বীনদার নারীকে বিয়ে করো, অন্যথায় তুমি ক্ষতিগ্রস্ত হবে।
নবীজি (সা.)-এর এই আদর্শ ও নির্দেশনা অনুসরণের পাশাপাশি সম্ভাব্য জীবনসঙ্গীর চারটি বিশেষ গুণ ও বিষয় বিবেচনায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রথমত, দয়া ও সহমর্মিতা যাচাই করতে হবে। প্রথম দেখায় কারও প্রতি শারীরিক আকর্ষণ তৈরি হতে পারে, তবে একে প্রকৃত ভালোবাসা মনে করা ঠিক নয়। ভালোবাসা এমন একটি অনুভূতি, যা দুজনের প্রচেষ্টা ও আন্তরিকতায় গড়ে ওঠে। দয়া, যত্ন ও পরস্পরের জন্য কিছু করার মানসিকতাই ভালোবাসা তৈরি করে। যে সম্পর্কের ভিত্তি পারস্পরিক যত্ন ও আন্তরিকতা, তা সময়ের সঙ্গে আরও গভীর ও স্থায়ী হয়। বিপরীতে, শারীরিক আকর্ষণ একটি বাহ্যিক বিষয়, যা সময়ের পরিক্রমায় কমে যেতে পারে।
দ্বিতীয়ত, জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যে মিল থাকা জরুরি। জীবনসঙ্গী বেছে নেওয়ার আগে প্রথমে নিজেকে ভালোভাবে জানা প্রয়োজন। এরপর সম্ভাব্য সঙ্গীর সঙ্গে নিজের লক্ষ্য, আদর্শ, মূল্যবোধ, স্বপ্ন ও আকাঙ্ক্ষার মিল রয়েছে কি না, তা খতিয়ে দেখতে হবে। মূলত দুজনের জীবনের গতিপথ একই দিকে হওয়া আবশ্যক। সঙ্গী যদি এমন কোনো স্বপ্ন ও লক্ষ্য নিয়ে এগিয়ে যান, যা আপনার লক্ষ্য ও আকাঙ্ক্ষার সম্পূর্ণ বিপরীত, তাহলে তাঁর মধ্যে দয়া ও উদারতার মতো গুণ থাকলেও একসঙ্গে জীবন কাটানো কঠিন হয়ে পড়তে পারে। আবার কেউ যদি বলেন যে তাঁর কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই এবং তিনি আপনার ইচ্ছা অনুযায়ী যেকোনো পথে চলতে রাজি, তবে এ ধরনের মানসিকতা নিয়েও সতর্ক থাকা প্রয়োজন। নিজের জীবন সম্পর্কে সচেতনতা ও সুস্পষ্ট দিকনির্দেশনা নেই, এমন কারও সঙ্গে জীবন গড়তে গেলে নানা জটিলতা তৈরি হতে পারে। দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁর নিজের ব্যক্তিত্ব ও জীবনবোধের বিকাশ প্রয়োজন। অনেক দম্পতির বিচ্ছেদ ঘটে মূলত বিয়ের পর একে অপরের জীবনলক্ষ্যের অমিল বুঝতে পারার কারণে; শুরুর দিকের মুগ্ধতা কেটে গেলে তাঁরা উপলব্ধি করেন যে জীবনের লক্ষ্য ও প্রত্যাশা এক নয়।
তৃতীয়ত, ব্যক্তির সামগ্রিক বৈশিষ্ট্য বিবেচনা করতে হবে। একজন মানুষকে ভালোভাবে গ্রহণ করতে হলে তাঁর ভালো ও মন্দ—উভয় দিক সম্পর্কেই স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন। যাকে পছন্দ করা হচ্ছে, তাঁর মধ্যে যেমন অনেক ইতিবাচক গুণ রয়েছে, তেমনি এমন কিছু স্বভাব বা বৈশিষ্ট্যও থাকতে পারে যা পছন্দ নাও হতে পারে। অনেকেই বিয়ের ক্ষেত্রে জীবনসঙ্গী সম্পর্কে অবাস্তব প্রত্যাশা পোষণ করেন এবং ভাবেন সঙ্গীর মধ্যে কেবল ভালো গুণগুলোই থাকবে। নেতিবাচক দিকগুলো বিবেচনায় না নেওয়ার এই অবাস্তব প্রত্যাশাই অনেক সময় দাম্পত্য ভাঙনের কারণ হয়ে দাঁড়ায়। বিয়ের আগেই মনে রাখা উচিত, কোনো মানুষই নিখুঁত নয়। একজন ভালো জীবনসঙ্গীর মধ্যে যেমন অনেক গুণ থাকবে, তেমনি কিছু সীমাবদ্ধতাও থাকতে পারে। আগে থেকেই বিষয়টি উপলব্ধি করলে বিয়ের পর অপ্রত্যাশিত পরিস্থিতির ধাক্কা কমে এবং বোঝাপড়া তৈরি করা সহজ হয়, কারণ একটি সম্পর্কে সবকিছু পাওয়া সম্ভব নয়।
চতুর্থত, বাহ্যিক সৌন্দর্য ও শারীরিক আকর্ষণের বিষয়টি আসে। শারীরিক আকর্ষণ সব সময় সৌন্দর্যের প্রচলিত সামাজিক মানদণ্ডের ওপর নির্ভর করে না; আপনার কাছে যাকে সুন্দর মনে হয়, অন্যদের কাছে তাকে একই রকম সুন্দর নাও মনে হতে পারে। তবে জীবনসঙ্গীর বাহ্যিক অবয়ব আপনার ভালো লাগা জরুরি। তাঁকে শারীরিকভাবে নিখুঁত হতে হবে না, কিন্তু তাঁর প্রতি আপনার স্বাভাবিক আকর্ষণ থাকা উচিত। তবে মনে রাখতে হবে, শুধু বাহ্যিক সৌন্দর্য দিয়ে দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। বরং দুজনের মধ্যে বোঝাপড়া, পারস্পরিক সহযোগিতা, আন্তরিকতা ও যত্নের মানসিকতাই বেশি গুরুত্বপূর্ণ। একে অপরের প্রতি শারীরিক আকর্ষণ অবশ্যই প্রয়োজনীয়, তবে একে সম্পর্কের মূল ভিত্তি না ভেবে বাড়তি সৌন্দর্য হিসেবে বিবেচনা করা উচিত।
যেকোনো সম্পর্ক সফল করতে নিজের ও অন্যের সীমাবদ্ধতা স্বীকার করার মতো বিনয় থাকতে হবে। মানুষ হিসেবে প্রত্যেকেরই কিছু না কিছু ত্রুটি ও সীমাবদ্ধতা রয়েছে এবং কেউই নিখুঁত নন। তাই নিখুঁত জীবনসঙ্গীর কল্পনা বাদ দিয়ে একজন ভালো মানুষকে গ্রহণ করার মানসিকতা গড়ে তুলতে হবে। নিজের মধ্যে যখন পূর্ণতা নেই, তখন অন্যের অপূর্ণতাকেও মেনে নিতে শিখতে হবে; কারণ যিনি নিজেকে অনেক বড় মনে করেন, সাধারণত তিনিই অন্যের কাছে অতিরিক্ত প্রত্যাশা করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন