নভেম্বর ২৫, ২০২৬, ০৫:০৯ পিএম
আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে এবং তাদের মধ্য থেকেই চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, বিজ্ঞানী, সশস্ত্র বাহিনীর সদস্য কিংবা দেশ পরিচালনার কারিগর তৈরি হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৫ নভেম্বর) বঙ্গভবনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
বঙ্গভবন পরিদর্শন কর্মসূচির তৃতীয় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে রাজধানীর বঙ্গভবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরভী আক্তারের নেতৃত্বে ৩৫ জন শিক্ষার্থী ও ৪ জন শিক্ষক এদিন বঙ্গভবন ঘুরে দেখেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি শিশুদের কাছে বঙ্গভবন পরিদর্শনের অভিজ্ঞতা জানতে চাইলে শিক্ষার্থীরা জানায়, বঙ্গভবনের ঐতিহাসিক নিদর্শন, তোশাখানা জাদুঘরে সংরক্ষিত মূল্যবান সামগ্রী, এয়ার রেইড শেল্টার ও হরিণ পার্ক ঘুরে দেখে তারা দারুণ আনন্দিত হয়েছে এবং রাষ্ট্রপতির সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে।
শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি বলেন, বর্তমানে অনেক শিশু বই পড়ার পরিবর্তে মোবাইল ফোনে বেশি সময় ব্যয় করে, তাই মোবাইলের প্রতি অতিরিক্ত আসক্তি থেকে শিশুদের বই পড়ার দিকে ফিরিয়ে আনতে হবে।
এখন থেকেই শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে মনোযোগ দিয়ে লেখাপড়া, বাবা-মা ও শিক্ষকদের সম্মান এবং দেশকে ভালোবাসার ওপর জোর দেন তিনি। শিশুদের ভবিষ্যৎ সম্ভাবনার কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, তোমরাই জাতির ভবিষ্যৎ, তোমরাই দেশটাকে গড়ে তুলবে এবং তোমরাই একদিন দেশ পরিচালনা করবে—তাই এখন থেকেই নিজেদের লক্ষ্য ঠিক করে তা অর্জনে কাজ করতে হবে।
পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও শিশুদের উৎসাহিত করে রাষ্ট্রপতি বলেন, দেশটাকে ভালোবাসতে হবে, কারণ আমাদের দেশটাই আসল এবং এটিই আমাদের অস্তিত্ব, জীবিকা ও আশ্রয় দেয়; দেশকে ভালোবেসেই একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে।
রাষ্ট্রপতির প্রেস উইং থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন