বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

সন্ত্রাসী কার্যকলাপ হলেই কঠোর আইনানুগ ব্যবস্থা: হুইপ আখতারুজ্জামান

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৬, ০৫:১৮ পিএম

সন্ত্রাসী কার্যকলাপ হলেই কঠোর আইনানুগ ব্যবস্থা: হুইপ আখতারুজ্জামান

চিরিরবন্দরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করেন হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া।

জাতীয় সংসদের হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া বলেছেন, চিরিরবন্দরের কোথাও সন্ত্রাসী কার্যকলাপসহ কোনো অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় চিরিরবন্দর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির সভা ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ২০২৬-২৭ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে দুঃস্থ ও পঙ্গু ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও সেলাই মেশিন এবং কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়।

মোঃ আখতারুজ্জামান মিয়া বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সারাদেশে বিশেষ নির্দেশনা দিয়েছে।

তিনি বলেন, যে কোনো মূল্যে মাদকসহ সব ধরনের অপরাধ বন্ধে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে।

তিনি আরও বলেন, সীমাবদ্ধ সম্পদের সুষ্ঠু ব্যবহার করে সরকার উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। কৃষকরা যাতে নির্বিঘ্নে সার ও বীজ পান, সরকার সে অনুযায়ী কাজ করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা। বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রায়হান আলী, চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী ও অধ্যক্ষ মোঃ মমিনুল ইসলাম মমিনসহ আরও অনেকে বক্তব্য রাখেন।