নভেম্বর ২৫, ২০২৬, ০৩:৪৫ পিএম
গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৭৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং একই সময়ে সন্দেহজনক হামরোগী পাওয়া গেছে ১ হাজার ৩৩৮ জন। বুধবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র (হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম) থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এই সময়ে সন্দেহজনক হামে দুজনের মৃত্যু হয়েছে।
তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সন্দেহজনক হামে মারা যাওয়া দুজনের মধ্যে একজন ময়মনসিংহ বিভাগের এবং অপরজন খুলনা বিভাগের বাসিন্দা। এ সময়ে নতুন করে ১ হাজার ২৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২৯ জন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হওয়া ৭৪ জন রোগীর মধ্যে সবচেয়ে বেশি ঢাকায় ৩৭ জন এবং সিলেটে ৩০ জন শনাক্ত হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ৫ জন এবং রংপুরে ২ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সামগ্রিক হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৫ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সারাদেশে মোট ২৬ হাজার ৩৭৪ জনের হাম নিশ্চিত হয়েছে এবং সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৬০ হাজার ৫২৮ জন। একই সময়কালে নিশ্চিত হামে মোট ১০৫ জন এবং সন্দেহজনক হামে ১ হাজার ২৫৮ জনের মৃত্যু হয়েছে, আর হাসপাতালে মোট ২ লাখ ৩৩ হাজার ২৫৯ জন ভর্তি হওয়ার বিপরীতে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৪ হাজার ২৮৭ জন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন