বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,
নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড

নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ২২ সাংবাদিক

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৬, ০১:০৭ পিএম

নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ২২ সাংবাদিক

সেরা প্রতিবেদনের স্বীকৃতি হিসেবে ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন ২২ সাংবাদিক। সংবাদপত্র, অনলাইন ও টেলিভিশন-রেডিও মিলিয়ে মোট ২২টি ক্যাটাগরিতে নির্বাচিত সাংবাদিকদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়, যেখানে প্রত্যেক বিজয়ী পেয়েছেন একটি ক্রেস্ট, সনদ ও ৫০ হাজার টাকা করে অর্থ পুরস্কার।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, সত্য তুলে ধরা, জনগণকে সঠিক তথ্য জানানো এবং রাষ্ট্র ও সমাজের ভুলত্রুটি ধরিয়ে দিয়ে পথনির্দেশনা দেওয়াই সাংবাদিকদের মূল দায়িত্ব। স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে দেওয়া বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড সাংবাদিকতায় নৈতিকতা ও বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার পাশাপাশি গুণগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, নীতি-নৈতিকতার অবক্ষয় ও নৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ হওয়ার সংকট কেবল সাংবাদিকদের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং রাজনীতিবিদ, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের মধ্যেও কমবেশি রয়েছে; তবে অনেক সাংবাদিক সমাজে সৎ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন। অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি নাগরিক সাংবাদিকতা ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারে গণমাধ্যমের পরিসর বাড়ায় সাংবাদিকতার ক্ষেত্র আরও জটিল হয়ে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, মানুষের কাছে সঠিক তথ্য বিশ্বাসযোগ্যতার সঙ্গে পৌঁছে দেওয়া আগের চেয়ে কঠিন হওয়ায় সাংবাদিকতাকে আরও নির্ভরযোগ্য করে তোলা এখন সময়ের দাবি। দেশকে এগিয়ে নিতে রাজনীতিবিদ ও সাংবাদিকদের বস্তুনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন নগদ পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কায়সার এ চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংক থেকে নগদে নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ। স্বাগত বক্তব্য দেন অ্যাওয়ার্ড উপকমিটির সমন্বয়ক ও ডিআরইউর সাংগঠনিক সম্পাদক এম এম জসিম।

সভাপতির বক্তব্যে আবু সালেহ আকন বলেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও অনুসন্ধানী সাংবাদিকতা গণতন্ত্র ও সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাংবাদিকদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা ও ভালো কাজের স্বীকৃতি দিতেই প্রতিবছর এই আয়োজন করা হয়, যা তাঁদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনে অনুপ্রাণিত করবে। সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, সাংবাদিকরা প্রতিনিয়ত ঝুঁকি ও নানা প্রতিকূলতার মধ্যে দায়িত্ব পালন করেন এবং তাঁদের পেশাগত উৎকর্ষের পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক কল্যাণ নিশ্চিত করা ডিআরইউর অন্যতম অঙ্গীকার; এ লক্ষ্য বাস্তবায়নে তিনি অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে জাতীয় বাজেটে ঢাকা রিপোর্টার্স ইউনিটির জন্য বিশেষ বরাদ্দের প্রস্তাব দেওয়া হলে তা বিবেচনার আশ্বাস দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে নগদের পক্ষ থেকে ভবিষ্যতেও ডিআরইউর বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড বাস্তবায়নে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এবারের অ্যাওয়ার্ডের জন্য গঠিত ১০ সদস্যের জুরি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ। বোর্ডের অন্য সদস্যরা হলেন ইউএনবির সাবেক সম্পাদক ও তথ্য কমিশনার এস এ এম মাহফুজুর রহমান, রয়টার্সের সাবেক ব্যুরো চিফ সিরাজুল ইসলাম কাদির, গ্রিন ওয়াচের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, আমাদের বার্তার কনসালটিং এডিটর মনোয়ার হোসেন, দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলী, দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক এ এইচ এম জাহেদ চৌধুরী, এনটিভির চিফ নিউজ এডিটর ফখরুল আলম খান কাঞ্চন, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ডেইলি টাইমস অব বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক ইলিয়াস খান এবং ডিআরইউর সাবেক সভাপতি ও আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেন।

অনুষ্ঠানে ডিআরইউর সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, রফিকুল ইসলাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মোতাহের হোসেন মাসুম ও কবির আহমেদ খানসহ সংগঠনটির বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট ও অনলাইন মাধ্যমে মুক্তিযুদ্ধ, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বিভাগে দেশ রূপান্তরের ফয়সাল খান, শিক্ষা বিভাগে আজকের পত্রিকার দিলীপ কুমার শর্মা (রাহুল শর্মা), স্বাস্থ্য বিভাগে বাংলানিউজ২৪ ডট কমের সাজিদা ইসলাম পারুল, বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে যুগান্তরের মুহাম্মদ শাহেদ সিদ্দিকী এবং আর্থিক খাত বিভাগে ডেইলি সানের সাখাওয়াত হোসেন সুমন পুরস্কার পেয়েছেন।

এ ছাড়া অপরাধ ও আইনশৃঙ্খলা বিভাগে জাগোনিউজ২৪ ডট কমের মো. তৌহিদুজ্জামান তন্ময়, আর্থিক অন্তর্ভুক্তি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে আগামীর সময়ের মিজান চৌধুরী, রাজনীতি, প্রশাসন, বিচার ও নির্বাচন কমিশন বিভাগে দ্য ডেইলি স্টারের দীপন নন্দী, ক্রীড়া বিভাগে ঢাকা পোস্টের মো. জোবায়ের হোসেন (আরাফাত জোবায়ের) এবং কৃষি ও পরিবেশ বিভাগে দ্য ডেইলি স্টারের ওয়াসিম বিন হাবিব নির্বাচিত হয়েছেন। একই মাধ্যমে নারী, শিশু ও মানবাধিকার বিভাগে প্রথম আলোর নাজনীন আখতার, সুশাসন ও দুর্নীতি অনুসন্ধানী বিভাগে ঢাকা পোস্টের এফ এম আবদুর রহমান মাসুম, নগরীর সমস্যা ও সম্ভাবনা বিভাগে দ্য ডেইলি স্টারের মোহাম্মদ হেলিমুল আলম, বৈদেশিক সম্পর্ক বিভাগে বাংলা ট্রিবিউনের গোলাম মওলা এবং সামগ্রিক অর্থনীতি বিভাগে আজকের পত্রিকার শাহ আলম খান সম্মাননা অর্জন করেন।

টেলিভিশন ও রেডিও মাধ্যমে রাজনীতি, প্রশাসন, বিচার ও নির্বাচন কমিশন বিভাগে চ্যানেল ওয়ানের মুফতী পারভেজ নাদির রেজা (পারভেজ রেজা), বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে বাংলাভিশনের কেফায়েত উল্লাহ চৌধুরী (শাকিল), নারী, শিশু, মানবাধিকার ও সুশাসন বিভাগে চ্যানেল ২৪-এর মো. গিয়াস উদ্দিন সজিব এবং কৃষি ও পরিবেশ বিভাগে চ্যানেল ওয়ানের নয়ন আদিত্য পুরস্কার লাভ করেছেন।

পাশাপাশি আর্থিক খাত ও সামগ্রিক অর্থনীতি বিভাগে যমুনা টেলিভিশনের রিমন রহমান, অপরাধ ও আইনশৃঙ্খলা বিভাগে যমুনা টিভির আলমগীর হোসেন এবং অনুসন্ধানীমূলক তথ্যচিত্র ও অনুষ্ঠান বিভাগে যমুনা টিভির রাশেদ নিজাম বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন করেছেন।