বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী

জাতীয় ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৬, ১২:৩১ পিএম

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সব নাগরিকের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থার আয়োজনে ‘লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের কর্মসূচি’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।

দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি নারী উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে কেউ নিজেকে বঞ্চিত মনে করবে না এবং নারীরা তাঁদের প্রাপ্য সম্মান পাবেন।

নির্যাতনের শিকার নারী ও শিশুদের সহায়তায় গৃহীত পদক্ষেপ তুলে ধরে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, জনগণের জন্য যা কল্যাণকর বর্তমান সরকার তা-ই করছে। নারী ও শিশুরা কোনো ধরনের নির্যাতনের শিকার হলে দ্রুত আইনি সহায়তা দেওয়ার লক্ষ্যে ইতিমধ্যে সমাজকল্যাণ, নারী ও শিশু বিষয়ক এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে, যার মাধ্যমে ভুক্তভোগীরা এক ছাতার নিচে প্রয়োজনীয় সব ধরনের সেবা পাবেন।

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে সমাজকল্যাণমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, তবে সমাজের সবার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই এই সমস্যা সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব।

নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই উদ্বোধনী আয়োজনে স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ ইফতেখার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক।