বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

সোনার দাম ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৮৫৮ টাকা কমল

অর্থনীতি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৬, ১০:৫৮ এএম

সোনার দাম ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৮৫৮ টাকা কমল

সোনার দাম ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৮৫৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এক দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণালংকারের মূল্য কমানোর এই সিদ্ধান্তে ভালো মানের এক ভরি সোনার দাম ১ লাখ ৯৬ হাজার টাকার ঘরে নেমে এসেছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে সারা দেশে নতুন এই দর কার্যকর হয়েছে।

এর আগে সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে মূল্য হ্রাসের তথ্য জানানো হয়। ওই দিন সকাল ৯টায় কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

ঘোষিত নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। মঙ্গলবার (২৪ নভেম্বর) এই মানের সোনার দাম ছিল ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম ২ লাখ ৮৮ হাজার ২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার দাম কমানো হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমান তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম এক হাজার ৯২৫ টাকায় স্থির রয়েছে।

বিজ্ঞপ্তিতে গয়না কেনা ও বিক্রির ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট শর্তও উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, অলংকার বা গয়নার নকশা অনুযায়ী গ্রাহককে মজুরি পরিশোধ করতে হবে এবং নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় আলাদা করে কোনো ভ্যাট নেওয়া যাবে না। গয়না পরিবর্তনের ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে ৯ শতাংশ এবং বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ অর্থ বাদ দিতে হবে, তবে এখানেও আলাদাভাবে ভ্যাট কাটা যাবে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই দাম ও নিয়মাবলি কার্যকর থাকবে।