বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

নেতানিয়াহুকে সরাতে প্রথম জোট চুক্তি বিরোধীদের

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৬, ০৮:০৭ এএম

নেতানিয়াহুকে সরাতে প্রথম জোট চুক্তি বিরোধীদের

ইসরায়েলের সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট। ছবি: সংগৃহীত

ইসরায়েলে বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে সরকার গঠনের পথে প্রথম জোট চুক্তি করেছে বিরোধী শিবির। সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি ডানপন্থি বিরোধী দল ইসরায়েল আওয়ার হোমের সঙ্গে জোট চুক্তিতে সম্মত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এই চুক্তির কথা ঘোষণা করা হয়। গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো পক্ষই সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি - নেতানিয়াহুর লিকুদ নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৩ আসন, বিরোধী শিবিরের হাতে ৪৮ আসন আর আরব নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে ১৯ আসন। ১২০ আসনের নেসেটে সরকার গঠনে দরকার ৬১ আসন।

নির্বাচনের পর ১০ নভেম্বর নতুন সরকার ছাড়াই শপথ নিয়েছে ইসরায়েলের সংসদ। প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন আইজেনকোটকে, আর নেতানিয়াহু রয়েছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর দায়িত্বে। সরকার গঠনে আইজেনকোট সময় পেয়েছেন ৬ ডিসেম্বর পর্যন্ত - ২৮ দিনের এই সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে। তিনি ব্যর্থ হলে সুযোগ পাবেন নেতানিয়াহু, আর দুজনই ব্যর্থ হলে আগামী বছর আবার নির্বাচন হবে।

ইয়াশার পার্টি পেয়েছে ২১ আসন, ইসরায়েল আওয়ার হোমের নেতা আভিগদর লিবারম্যানের দল পেয়েছে ৭ আসন। চুক্তিটি অনেকের কাছে অপ্রত্যাশিত - লিবারম্যান আরব দলগুলোর সমর্থননির্ভর সরকারের বিপক্ষে ছিলেন, নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকারেও তাঁর আপত্তি ছিল। একসময় নেতানিয়াহুর সরকারে পররাষ্ট্রমন্ত্রী থাকা লিবারম্যান এখন তাঁর কট্টর সমালোচক, আর নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোই তাঁর প্রধান লক্ষ্য বলে তিনি বারবার বলেছেন।

আইজেনকোটের শিবিরের হাতে এখন ৪৮ আসন। সংখ্যাগরিষ্ঠতার পথ খুলতে পারে আরব সংখ্যালঘুদের প্রতিনিধিত্বকারী দলগুলোর ১৯ আসন - নেতানিয়াহুবিরোধী অবস্থানে তারাও আইজেনকোটের সঙ্গে একমত।

তবে পথ মসৃণ নয়। বামপন্থি ডেমোক্র্যাটস পার্টি আইজেনকোটের সঙ্গে আলোচনা স্থগিত করেছে - লিকুদের সঙ্গে তাঁর ঐক্য সরকারের আলোচনা এগোনোয় ক্ষুব্ধ দলটি। আট আসন পাওয়া দলটির নেতা ইয়াইর গোলান বলেছেন, তিনি নেতানিয়াহুবিহীন কিন্তু আরব দলগুলোকে সঙ্গে নেওয়া সরকার চান।

তথ্যসূত্র: রয়টার্স, আল জাজিরা