বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

ইনস্টাগ্রাম ডিএমে এল মেটার এআই সহকারী মিউজ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৬, ০৭:২১ এএম

ইনস্টাগ্রাম ডিএমে এল মেটার এআই সহকারী মিউজ

হাতে ধরা স্মার্টফোনে ইনস্টাগ্রাম অ্যাপ | ছবি: সংগৃহীত

ইনস্টাগ্রামের ডিরেক্ট মেসেজে (ডিএম) সরাসরি যুক্ত হলো মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী মিউজ। এখন আলাদা মিউজ অ্যাপে না গিয়েই ডিএম থ্রেডে এই এআই এজেন্টের সঙ্গে চ্যাট করা যাবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মেটা এই সুবিধা চালুর ঘোষণা দেয়। প্রথম ধাপে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, জাপান ও সিঙ্গাপুরের আইওএস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এটি চালু হচ্ছে।

ব্যবহারকারীরা ইনস্টাগ্রামের কোনো পোস্ট মিউজের কাছে পাঠিয়ে সে সম্পর্কে জানতে চাইতে বা কাজ করাতে পারবেন। যেমন ভ্রমণের পরিকল্পনায় কোনো কফিশপ যোগ করা কিংবা পছন্দের পণ্যে ছাড়ের অফার খুঁজে দেওয়া। অন্য ডিএম থ্রেডে মিস করা বার্তার সারসংক্ষেপও জানিয়ে দেবে মিউজ।

সেভ করে রাখা পোস্ট ও রিলস গুছিয়ে কালেকশনে সাজিয়ে দেওয়ার সুবিধাও থাকছে; রেসিপি দেখে কেনাকাটার তালিকা বা ভ্রমণ পরিকল্পনাও বানিয়ে দিতে পারবে মিউজ। তবে এই সেভ-কনটেন্ট সুবিধা প্রথমে শুধু যুক্তরাষ্ট্র ও কানাডায় চালু হচ্ছে।

ইনস্টাগ্রামে শুরু করা কথোপকথন মূল মিউজ অ্যাপেও সাইড চ্যাট হিসেবে দেখা যাবে। সুবিধাটি পেতে ব্যবহারকারীর ইনস্টাগ্রাম ও মিউজ অ্যাকাউন্ট যুক্ত থাকতে হবে। ইনস্টাগ্রামের আগের মেটা এআই চ্যাটবটটিও আলাদাভাবে থাকছে।

মেটা জানিয়েছে, ব্যবহারকারীর অনুমতি ছাড়া মিউজ কিছু প্রকাশ, পাঠানো বা শেয়ার করবে না। ব্যবহারকারী চাইলে সেভ করা তথ্য মুছে ফেলতে বা মিউজের করা কোনো কাজ বাতিলও করতে পারবেন।

তথ্যসূত্র: টেকক্রাঞ্চ ও এনগ্যাজেট