বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

চালক ছাড়াই সড়কে উবারের রোবোট্যাক্সির পরীক্ষা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৬, ০৭:১৫ এএম

চালক ছাড়াই সড়কে উবারের রোবোট্যাক্সির পরীক্ষা

পরীক্ষামূলক যাত্রায় লুসিড গ্র্যাভিটি রোবোট্যাক্সি | ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বে এরিয়ার সড়কে এবার চালকের আসন খালি রেখেই চলতে শুরু করেছে উবারের রোবোট্যাক্সি। লুসিডের তৈরি গ্র্যাভিটি এসইউভিতে নিউরোর স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করে সম্পূর্ণ চালকবিহীন পরীক্ষা শুরু করেছে তিন প্রতিষ্ঠান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) উবার, লুসিড ও নিউরো যৌথভাবে এই পরীক্ষা শুরুর ঘোষণা দেয়। শিগগিরই প্রতিষ্ঠানগুলোর কর্মীরা এই চালকবিহীন গাড়িতে যাত্রী হিসেবে চড়তে শুরু করবেন।

গত বছরের ডিসেম্বর থেকে এই রোবোট্যাক্সি বে এরিয়া ও হিউস্টনের সড়কে পরীক্ষা চলছিল, তবে তখন চালকের আসনে একজন সুরক্ষা চালক বসে থাকতেন। গত মে মাসে ক্যালিফোর্নিয়ার মোটরযান বিভাগ চালকবিহীন পরীক্ষার অনুমতি দেওয়ার পর এবার সেই ধাপে পৌঁছাল প্রকল্পটি।

পরীক্ষা শুরু হয়েছে পালো আল্টো, মাউন্টেন ভিউ, লস আল্টোস ও সানিভেল শহরে, আগামী বছর আরও শহরে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। গাড়িগুলোতে রয়েছে উচ্চ রেজোলিউশনের ক্যামেরা, লাইডার সেন্সর ও রাডার, আর চালনার দায়িত্বে নিউরোর লেভেল ফোর স্বয়ংক্রিয় ব্যবস্থা নিউরো ড্রাইভার।

তিন প্রতিষ্ঠানের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের প্রথম প্রান্তিকে বে এরিয়ায় সাধারণ যাত্রীদের জন্য এই রোবোট্যাক্সি সেবা চালু হবে, যাত্রীরা উবার অ্যাপ দিয়েই গাড়ি ডাকতে পারবেন। পরে একই বছর হিউস্টনেও সেবা চালুর কথা রয়েছে।

উবার লুসিডের কাছ থেকে নিউরো ড্রাইভারযুক্ত কমপক্ষে ৩৫ হাজার গাড়ি কেনার প্রতিশ্রুতি দিয়েছে। লুসিড ইতিমধ্যে এই প্রকল্পের জন্য এক শর বেশি গ্র্যাভিটি এসইউভি সরবরাহ করেছে।

তথ্যসূত্র: টেকক্রাঞ্চ ও এনগ্যাজেট