বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

খাদ্য দারিদ্র্যে দেশের ৬৫ শতাংশ শিশু

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৬, ০৭:০৯ এএম

খাদ্য দারিদ্র্যে দেশের ৬৫ শতাংশ শিশু

খাবার ভাগ করে খাচ্ছে একদল শিশু। ছবি: সংগৃহীত

দেশের ৬ থেকে ২৩ মাস বয়সি শিশুদের ৬৪ দশমিক ৮ শতাংশ খাদ্য দারিদ্র্যের মধ্যে রয়েছে - তাদের খাবারে প্রয়োজনীয় খাদ্যগোষ্ঠীর বেশির ভাগই অনুপস্থিত।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‍‍`প্রোগ্রেস ইন দ্য পাথওয়ে: বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (মিকস) ২০২৫-ডিস্ট্রিক্ট অ্যাটলাস‍‍` প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। সূচকটি মাপা হয়েছে আগের ২৪ ঘণ্টায় শিশুটি আটটি নির্ধারিত খাদ্যগোষ্ঠীর কতটি থেকে খাবার পেয়েছে, তার ভিত্তিতে। চারটি বা তার কম গোষ্ঠীর খাবার পাওয়া শিশুদের ধরা হয়েছে খাদ্য দারিদ্র্যের আওতায়। প্রতিবেদনটিতে দেশের ৬৪ জেলার স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, সুরক্ষা, পানি ও স্যানিটেশনসহ বিভিন্ন সূচকের চিত্র তুলে ধরা হয়েছে।

জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে খারাপ অবস্থা ব্রাহ্মণবাড়িয়ায়, সেখানে এই হার ৭৯ দশমিক ০৩ শতাংশ। এরপর সিলেটে ৭৮ দশমিক ০১ শতাংশ, যশোরে ৭৭ দশমিক ০১, বান্দরবানে ৭৬ দশমিক ৮৫, শেরপুরে ৭৬ দশমিক ৪৪ এবং জামালপুরে ৭৫ দশমিক ৪৩ শতাংশ। এসব জেলায় প্রতি চার শিশুর প্রায় তিনজনই পর্যাপ্ত বৈচিত্র্যের খাবার পাচ্ছে না।

তুলনামূলক ভালো অবস্থানে গাজীপুর, সেখানে হার ৪৭ দশমিক ৩৮ শতাংশ। জয়পুরহাটে ৫০ দশমিক ৮০, বরিশালে ৫১ দশমিক ০৩ ও পিরোজপুরে ৫২ দশমিক ৪৪ শতাংশ। বিভাগীয় হিসাবেও পার্থক্য বড় - সবচেয়ে বেশি সিলেট বিভাগে, ৭২ দশমিক ১৪ শতাংশ। ময়মনসিংহে ৭০ দশমিক ৭৫, খুলনায় ৬৮ দশমিক ০৫, চট্টগ্রামে ৬৭ দশমিক ৪৩ এবং ঢাকা বিভাগে তুলনামূলক কম ৫৮ দশমিক ৪১ শতাংশ।

পরিবারের আর্থিক অবস্থার সঙ্গেও এই হার সরাসরি জড়িত। সবচেয়ে দরিদ্র পরিবারগুলোর ৭৬ দশমিক ৭ শতাংশ শিশু খাদ্য দারিদ্র্যে রয়েছে, আর সবচেয়ে সচ্ছল পরিবারগুলোর ক্ষেত্রে এই হার ৫২ দশমিক ৫ শতাংশ।

তবে প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে, এই হারকে সরাসরি আয়ভিত্তিক দারিদ্র্য বা অপুষ্টির হার হিসাবে দেখার সুযোগ নেই। কোনো শিশু অপুষ্টিতে ভুগছে কি না, তা নির্ধারণে ওজন, উচ্চতা ও বয়স অনুযায়ী শারীরিক বৃদ্ধির মতো আলাদা সূচক বিবেচনা করতে হয়।