সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬,

হামে গত ২৪ ঘণ্টায় নতুন মৃত্যু নেই, শনাক্ত ৯৬ রোগী

স্বাস্থ্য ডেস্ক

নভেম্বর ২৩, ২০২৬, ০৩:৩৯ পিএম

হামে গত ২৪ ঘণ্টায় নতুন মৃত্যু নেই, শনাক্ত ৯৬ রোগী

সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯৬ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে এবং একই সময়ে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩২১ জন, তবে এই ২৪ ঘণ্টায় নিশ্চিত বা সন্দেহজনক কোনোটিতেই নতুন করে কারও মৃত্যুর তথ্য আসেনি। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২২ নভেম্বর সকাল ৮টা থেকে ২৩ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ২৩২ জনে।

এ সময়ে মোট সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ৫৭ হাজার ৯০৭ জন।

গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে মোট ১০৫ জন এবং সন্দেহজনক হামে ১ হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে, ফলে এই সময়ে নিশ্চিত ও সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫২ জনে।

হাসপাতালে ভর্তি ও সুস্থতার পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ২৬১ জন রোগী নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং ১ হাজার ৩১৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছে। গত ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট ২ লাখ ৩০ হাজার ৭৯১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ লাখ ২২ হাজার ১৯ জন।

নতুন শনাক্ত হওয়া ৯৬ জন নিশ্চিত হাম রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৫৩ জন, সিলেটে ৩৫ জন এবং চট্টগ্রামে ৮ জন রয়েছেন। ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, খুলনা ও রংপুর—এই পাঁচ বিভাগে এ সময়ে নতুন করে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্তের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ৫৭৫ জন। এরপর চট্টগ্রামে ২৪৩ জন, সিলেটে ১৭৯ জন, বরিশালে ৯৫ জন, খুলনায় ৯৩ জন, ময়মনসিংহে ৭৬ জন, রাজশাহীতে ৩৮ জন এবং রংপুর বিভাগে ২২ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন।