নভেম্বর ২৩, ২০২৬, ০২:১৬ পিএম
মোহাম্মদপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে মো. নুরুল আবসার নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১৩ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. জাহিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডের পাশাপাশি দণ্ডপ্রাপ্তকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ জানান, রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে আনা হয়। পরে সাজা পরোয়ানা দিয়ে আবারও তাকে কারাগারে পাঠানো হয়েছে।
রায়ে পর্যবেক্ষণে বিচারক বলেন, স্ত্রীর প্রতি সহিংসতা দাম্পত্য অধিকারের অংশ নয়, বরং এটি একটি অপরাধ। তার ভাষ্য, বিবাহ কোনো নারীর ওপর পুরুষের আধিপত্য প্রতিষ্ঠার লাইসেন্স নয়, বরং এটি পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধের বন্ধন। স্ত্রীর কোনো আচরণ, মতভেদ কিংবা দাম্পত্য কলহ স্বামীকে নির্যাতন, শারীরিক আঘাত বা হত্যার অধিকার দেয় না, কারণ একজন স্ত্রীও স্বতন্ত্র মানুষ এবং তার নিজস্ব মর্যাদা, স্বাধীনতা ও নিরাপত্তার অধিকার রয়েছে।
দাম্পত্য সম্পর্কের অবনতি ঘটলে আইনসম্মতভাবে বিচ্ছেদের পথ খোলা আছে উল্লেখ করে বিচারক আরও বলেন, সহিংসতার কোনো বৈধতা নেই। ক্রোধের মুহূর্তে সংঘটিত নিষ্ঠুরতা শুধু একটি জীবনই কেড়ে নেয় না, সন্তানদের ভবিষ্যৎও বিপর্যস্ত করে। সমাজকে উপলব্ধি করতে হবে যে স্ত্রী স্বামীর সম্পত্তি নন, তিনি স্বতন্ত্র মানুষ, এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভালোবাসার সম্পর্কে অধিকার থাকতে পারে, কিন্তু নির্যাতনের অধিকার কারও নেই।
পর্যবেক্ষণে বলা হয়, সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনায় দেখা যায় যে আসামি মো. নুরুল আবসার তার স্ত্রী মোছা. খাবিরুন নেছাকে হত্যা করেছেন। সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদনে আঘাতের চিহ্ন পাওয়া যায় এবং পারিপার্শ্বিক পরিস্থিতি ও সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হয়েছে।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় ১৭ বছর আগে নুরুল আবসারের সঙ্গে ভুক্তভোগী মোছা. খবিরুন নেছার বিয়ে হয় এবং তাদের দাম্পত্য জীবনে দুই কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই নুরুল আবসার প্রায়ই স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন এবং প্রতিবাদ করলে মারধর করতেন বলে অভিযোগে বলা হয়েছে।
২০২৩ সালের ১০ সেপ্টেম্বর গ্রামের বাড়ি থেকে স্বামীর বাসায় ফেরেন খবিরুন নেছা। পরদিন ১১ সেপ্টেম্বর সকালে তাকে মারধর করে বাসা থেকে চলে যান নুরুল আবসার। ওইদিন দুপুরে ভাড়াটিয়ারা তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই ঘটনায় মামলার বাদী হয়ে মামলা দায়ের করেন। গ্রেপ্তার হওয়ার পর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন নুরুল আবসার এবং সেখানে স্ত্রীর পরকীয়ার কথা উল্লেখ করে কলহের শুরু হয় বলে জানান।
তদন্ত শেষে ২০২৪ সালের ২২ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়ে আদালতে অভিযোগপত্র দেন মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মোহাম্মদ নাজমুল ইসলাম। একই বছরের ৮ অক্টোবর চার্জ গঠন করে বিচার শুরু হয় এবং ১৩ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষ করেন আদালত।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন