রবিবার, ২২ নভেম্বর, ২০২৬,

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ছয়জন কারাগারে মির্জা আজমকে হাজিরের নির্দেশ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২২, ২০২৬, ০২:১০ পিএম

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ছয়জন কারাগারে  মির্জা আজমকে হাজিরের নির্দেশ

জুলাই হত্যাকাণ্ডের মামলার ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ছয়জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় পলাতক থাকা মির্জা আজমকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়েছে।

রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন। কারাগারে থাকা আসামিদের মধ্যে রয়েছেন আমির হোসেন আমু, দীপু মণি, শাহজাহান খান ও আব্দুর রাজ্জাক।

সকালে কারাগারে থাকা পাঁচ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হলেও অসুস্থতার কারণে মুহাম্মদ ফারুক খানকে হাজির করা হয়নি। এর আগে এই মামলায় সাত আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছিলেন ট্রাইব্যুনাল।

অন্যদিকে, শতাধিক গুম ও খুনের ঘটনায় করা মামলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য দিয়েছেন আইনজীবী তাসলিমা জাহান পপি।

সাভারে আসহাবুল ইয়ামিনকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম ও সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফিসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশও দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

ওই মামলায় গ্রেফতার ছয় আসামিকে রোববার ট্রাইব্যুনালে হাজির করা হয়। সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন নির্ধারণ করা হয়েছে, আর এর আগে ২৬ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছিলেন ট্রাইব্যুনাল।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই সাভারে আন্দোলন চলাকালে আসহাবুল ইয়ামিনকে ধরে পুলিশের সাঁজোয়া যানের কাছে নেওয়া হয় এবং তার বুকের বাঁ পাশে গুলি করা হয়। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে টেনে সাঁজোয়া যানের ওপর তুলে রাখেন এবং আন্দোলনরত ছাত্র-জনতাকে ভয় দেখাতে ওই অবস্থায় গাড়ি নিয়ে টহল দেন।

এক পর্যায়ে প্রায় মৃত অবস্থায় ইয়ামিনকে রাস্তায় ফেলে দেওয়া হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।