নভেম্বর ২২, ২০২৬, ০৫:৩৬ পিএম
শুধু উচ্চশিক্ষিত হলেই প্রকৃত মানুষ হওয়া যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের আয়োজনে কৃতী শিক্ষার্থীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তাঁর মতে, মানুষের মধ্যে দেশপ্রেম, ঈমান, মানবিকতা ও পরের প্রতি মমত্ববোধ থাকতে হবে এবং চারপাশে কেউ না খেয়ে থাকলে আর নিজের সন্তান বিলাসী জীবনযাপন করলে সেই বৈষম্য দূর করতে এগিয়ে আসতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, তারা যে সুন্দর পোশাক পরছে, অনেক মা-বাবা হয়ত পুরোনো পোশাক পরেই দিন কাটাচ্ছেন। সন্তানদের ভালো রাখার জন্য মা-বাবা নিজেদের অনেক চাওয়া-পাওয়া বিসর্জন দেন উল্লেখ করে তিনি বলেন, মা-বাবার এই ত্যাগ তখনই সার্থক হবে, যখন শিক্ষার্থীরা প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠবে। শুধু বড় ডিগ্রি অর্জন করলেই হবে না, মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থাকতে হবে।
সমাজের বাস্তবতার প্রসঙ্গ টেনে কায়সার কামাল বলেন, কারও হয়ত বড় অট্টালিকা আছে এবং দামি গাড়িতে সন্তান স্কুলে যাচ্ছে, অথচ পাশের বাড়ির কেউ না খেয়ে আছে কিংবা রাস্তার পাশে কোনো শিশু অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে। সামর্থ্য থাকা সত্ত্বেও অনেকেই সহযোগিতায় এগিয়ে আসেন না জানিয়ে সমাজে এই মানসিকতার পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেন তিনি।
অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন শিশুদের দেখাতে হবে এবং তাদের মধ্যে দেশপ্রেম, ভালোবাসা ও মমত্ববোধ জাগিয়ে তুলতে হবে।
জুলাই-আগস্টের আন্দোলনে শিশুদের হতাহতের কথা তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, অনেক শিশু ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছে। দেশের প্রতি ভালোবাসা ও মানবিকতা না থাকলে নাগরিক হিসেবে সুযোগ-সুবিধা ভোগ করলেও দেশের জন্য কিছু করা সম্ভব হবে না বলে জানান তিনি।
শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব বিস্তারের সমালোচনা করে কায়সার কামাল বলেন, শিক্ষকদের ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে, তবে শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালনের সময় তাঁরা শিক্ষক। তাঁর ভাষ্য, রাজনৈতিক মতাদর্শ প্রকাশের জন্য নির্বাচনের দিন ব্যালটের পথ খোলা রয়েছে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয়করণ ও রাজনৈতিক প্রভাবের কারণে শিক্ষার্থীদের বঞ্চিত করা উচিত নয়।
পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য এটি প্রয়োজন এবং জীবনে বড় হতে হলে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। কোনো প্রতিযোগিতায় সফল হলে সেই অর্জনের পেছনে শিক্ষক ও মা-বাবার অবদান মনে রাখার কথাও বলেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুল তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মাহমুদুল হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন