নভেম্বর ২২, ২০২৬, ০৬:১৫ পিএম
মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে নেওয়া নানা পদক্ষেপ সম্পর্কে শাখা পর্যায় ও প্রধান কার্যালয়কে অবহিত করতে এমটিবি বিএম ও বামেলকো সম্মেলন ২০২৬ আয়োজন করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। গত ১৪ নভেম্বর দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রায় ১৩০ জন সরাসরি ও ৩০০ জন ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
শাখা ব্যবস্থাপক এবং শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাদের পাশাপাশি প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই দিনব্যাপী আয়োজনে অংশ নেন। অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন রোধে ব্যাংকটির গৃহীত কার্যক্রম সবার সামনে তুলে ধরাই ছিল এই সম্মেলনের মূল লক্ষ্য, যা প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হলো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান ড. ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএফআইইউর নির্বাহী পরিচালক ও উপ-প্রধান ইমতিয়াজ আহমদ মাসুম। আয়োজক প্রতিষ্ঠানের পক্ষে স্বাগত বক্তব্য দেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান। অতিথি বক্তা হিসেবে বক্তব্য দেন বিএফআইইউর যুগ্ম পরিচালক মো. আশরাফুল আলম এবং শাহালাম কাজী।
ব্যাংকের শীর্ষ ও কমপ্লায়েন্স পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিও ছিল এই আয়োজনে। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালকরা, ম্যানেজমেন্ট কমিটির সদস্য এবং সেন্ট্রাল কমপ্লায়েন্স কমিটির সদস্যরা সম্মেলনে অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার রেইস উদ্দীন আহমাদ।
তথ্যসূত্র: ঢাকা পোস্ট

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন