রবিবার, ২২ নভেম্বর, ২০২৬,

৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স, মিলল সনদ

অর্থনীতি ডেস্ক

নভেম্বর ২২, ২০২৬, ০৩:১৮ পিএম

৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স, মিলল সনদ

দেশের নির্মাণশিল্প ও অবকাঠামোগত উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিয়েছে আকিজ রেডিমিক্স কংক্রিট লিমিটেড। প্রতিষ্ঠানটি আকিজ রিসোর্সের একটি অঙ্গপ্রতিষ্ঠান। শনিবার (২১ নভেম্বর) ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত করপোরেট নাইট ২০২৬ অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

একই আসরে দুটি প্রতিষ্ঠানকে ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম বা আইএমএসের আইএসও সনদ দেওয়া হয়েছে।

গুণগত মান, পরিবেশ সুরক্ষা, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা এবং ধারাবাহিক উন্নয়নের প্রতি অঙ্গীকারের অংশ হিসেবে এই স্বীকৃতি এসেছে বলে জানানো হয়েছে। অনুষ্ঠানে টিইউভি অস্ট্রিয়া আকিজ রেডিমিক্স কনক্রিট লিমিটেডকে এবং জিএসসিএস সার্টিফিকেশন বডি আকিজ বিল্ডিং সলিউশনস লিমিটেডকে আনুষ্ঠানিকভাবে সনদ হস্তান্তর করে।

সম্মাননাপ্রাপ্তদের তালিকায় রয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক ড. এম. শামীম জেড বসুনিয়া ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ। আরও সম্মানিত হয়েছেন পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সাবেক প্রধান সমন্বয়ক মেজর জেনারেল (অব.) আবু সাঈদ মো. মাসুদ, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক ড. সৈয়দ ফখরুল আমিন এবং একই বিভাগের অধ্যাপক ড. খান মাহমুদ আমানত, ড. মেহেদী আহমেদ আনসারী, অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ও অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর। এ ছাড়া সম্মাননা পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহযোগী অধ্যাপক এবং ফাল্গুনী মল্লিক অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রধান স্থপতি ফাল্গুনী মল্লিক।

আকিজ বিল্ডিং সলিউশনস লিমিটেডের ক্লাস্টার প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুল হক সুফিয়ানী বলেন, দেশের নির্মাণশিল্প ও অবকাঠামো উন্নয়নে প্রকৌশলী, স্থপতি, নির্মাণসংশ্লিষ্ট পেশাজীবী এবং মানসম্মত নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ভাষায়, প্রতিষ্ঠানটির লক্ষ্য শুধু পণ্য সরবরাহ করা নয়, বরং আধুনিক প্রযুক্তি, মানসম্মত উপকরণ ও নির্ভরযোগ্য সেবার মাধ্যমে গ্রাহকদের জন্য কার্যকর নির্মাণ সমাধান নিশ্চিত করা। তিনি যোগ করেন, ৯ জন প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা প্রদান তাদের পেশাগত অবদান এবং দেশের উন্নয়নে ভূমিকার প্রতি শ্রদ্ধার বহিঃপ্রকাশ।

আকিজ রেডিমিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান বলেন, কংক্রিট শুধু একটি নির্মাণসামগ্রী নয়, বরং প্রতিটি স্থাপনার স্থায়িত্ব, নিরাপত্তা ও নির্ভরযোগ্যতার অন্যতম ভিত্তি। মানসম্মত কংক্রিট তৈরিতে সঠিক উপাদান নির্বাচন, নির্ভুল অনুপাত, আধুনিক প্রযুক্তি ও কঠোর গুণগত মান নিয়ন্ত্রণ জরুরি বলে উল্লেখ করে তিনি জানান, এসব বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে আকিজ রেডিমিক্স।

অনুষ্ঠানে আকিজ রিসোর্সের চিফ পিপল অফিসার মো. আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, ডেপুটি চিফ অপারেটিং অফিসার সোহানুর রহমান সোহান, ক্লাস্টার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (বিল্ডিং ম্যাটেরিয়ালস) মো. মোস্তাক আহমেদ এবং আকিজ রেডিমিক্সের হেড অব সেলস মো. জাহিদ হাসান উপস্থিত ছিলেন। পাশাপাশি গ্রাহক, প্রকৌশলী, স্থপতি ও খাতসংশ্লিষ্ট পেশাজীবীরাও অনুষ্ঠানে অংশ নেন।

তথ্যসূত্র: ঢাকা পোস্ট