সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬,
সীমান্ত ও রাজনীতি

সীমান্তে বিজিবির পাশাপাশি জনগণকে পাহারা বসানোর আহ্বান রাশেদ খাঁনের

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৩, ২০২৬, ০১:৪৮ পিএম

সীমান্তে বিজিবির পাশাপাশি জনগণকে পাহারা বসানোর আহ্বান রাশেদ খাঁনের

সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের পাশাপাশি সাধারণ মানুষকেও পাহারা বসানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। বেআইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাসহ অপরাধীদের বাংলাদেশে পুশইনের অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানান তিনি।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে এসব কথা বলেন রাশেদ খাঁন।

তিনি বলেন, সীমান্তবর্তী এলাকার মানুষের প্রতি আহ্বান থাকবে যেন বিজিবির পাশাপাশি তারাও সীমান্তে পাহারা বসান। বেআইনিভাবে শেখ হাসিনাসহ অপরাধীদের পুশইন করার যে অপচেষ্টা শুরু হয়েছে, তা প্রতিরোধ করার কথা উল্লেখ করেন তিনি।

ওই বক্তব্যে রাশেদ খাঁন আরও বলেন, দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে একমাত্র বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই ফেরত পাঠাতে হবে। অন্য কোনো অবৈধ ও বেআইনি উপায়ে ঠেলে পাঠানোর চেষ্টাকে একপ্রকার যুদ্ধের উসকানির শামিল বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ কারও সঙ্গে যুদ্ধ চায় না উল্লেখ করে তিনি বলেন, আইনগতভাবে শেখ হাসিনাকে গ্রহণ করতে দেশ প্রস্তুত রয়েছে। তার মতে, আইনের বাইরে যেকোনো প্রক্রিয়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি, এবং সার্বভৌমত্বের জন্য হুমকি হয় এমন যেকোনো অন্যায় মোকাবিলায় জনতা প্রস্তুত আছে।