রবিবার, ২২ নভেম্বর, ২০২৬,

আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ না দেওয়ার হুঁশিয়ারি দিলেন খায়রুল কবির খোকন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২২, ২০২৬, ০৮:২০ পিএম

আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ না দেওয়ার হুঁশিয়ারি দিলেন খায়রুল কবির খোকন

রাজনৈতিকভাবে পরাজিত ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে দেশের জনগণ আগামী এক হাজার বছরেও রাজনীতি করার সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

রোববার (২২ নভেম্বর) বিকেলে নরসিংদীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশব্যাপী আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে আগুন-সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে নরসিংদী সদর উপজেলা বিএনপি, শহর বিএনপি ও মাধবদী পৌরসভা বিএনপি এই কর্মসূচির আয়োজন করে। খায়রুল কবির খোকন বলেন, দেশ থেকে পালিয়ে যাওয়া এই অপশক্তি বিদেশে বসে উসকানি দিয়ে দেশে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তারা রাজনৈতিকভাবে পরাজিত শক্তি। তাঁর বক্তব্য অনুযায়ী, দেশকে অস্থিতিশীল করতে সারা দেশ থেকে ভাড়া করা দুর্বৃত্ত ও সন্ত্রাসীদের এনে গোপালগঞ্জে তাণ্ডব চালানো হয়েছে।

দুষ্কৃতকারীরা টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ করেন খায়রুল কবির খোকন। গোপালগঞ্জ থেকে নির্বাচিত বিএনপির দুই সংসদ সদস্য জিলানী ও সেলিমুজ্জামান সেলিমের বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে তিনি দাবি করেন। নড়াইলে বিএনপির দুজন এবং ফরিদপুরে একজন নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে বলেও জানান এই নেতা। তাঁর দাবি, এখনো দেশের বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের মাধ্যমে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে।

দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন-সংগ্রাম এবং জেল-জুলুম সহ্য করেও বিএনপি আপস করেনি, দেশ ছেড়েও যায়নি।

গণঅভ্যুত্থানে পতন হওয়া সরকার ও নিষিদ্ধ ঘোষিত দলটি নতুন করে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন খায়রুল কবির খোকন। তবে দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এসব কর্মকাণ্ড প্রতিরোধ করছে বলেও তিনি উল্লেখ করেন।

সমাবেশে জেলা বিএনপির সহসভাপতি এ কে এম গোলাম কবির কামাল, হারুন অর রশিদ, রবিউল ইসলাম রবি, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ এবং জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য দেন।

নরসিংদী পৌরসভা এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শিক্ষাচত্বরে গিয়ে শেষ হয়।