বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬,
রাজনৈতিক সমাবেশ

তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে: ইয়াছিন ফেরদৌস মোরাদ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৮, ২০২৬, ০৭:৩৮ পিএম

তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে: ইয়াছিন ফেরদৌস মোরাদ

ছবি : সংগ্রহীত

সব ষড়যন্ত্র মোকাবিলা করে তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বাংলাদেশ বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ইয়াছিন ফেরদৌস মোরাদ। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধভাবে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার ঢাকা জেলা যুবদলের উদ্যোগে সাভার মডেল মসজিদের সামনে অনুষ্ঠিত আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, দীর্ঘ সতেরো বছর ক্ষমতা কুক্ষিগত করে গণতন্ত্রপ্রিয় জনগণকে হত্যা ও গুম করেছে আওয়ামী লীগ। জুলাই আন্দোলনে শিশু থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। এরপর গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে প্রতিবেশী দেশে অবস্থান নিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছেন। এর বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং গণতন্ত্রপ্রিয় প্রতিটি মানুষকে জেগে উঠতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের যেকোনো অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঢাকা জেলা যুবদলের প্রতিটি নেতাকর্মী রাজপথে অবস্থান করছে। আমাদের একটাই চাওয়া, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান যে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার শপথ নিয়েছেন, সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে রয়েছি এবং থাকব।

সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইউব খান ও সিনিয়র সহসভাপতি হাসেম বেপারী। সভা পরিচালনা করেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক হাজী মো. মাসুম। এ ছাড়া বক্তব্য দেন জেলার সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন সাজ্জাদ, যুবদল নেতা তপন মোল্লা, রকিব দেওয়ান রকি, ইবাদুল হক জাহিদ, শহিদুল ইসলাম শহীদ, ফজলুল হক বেলায়েতী, সুরুজ্জামান, খুররম চৌধুরী লিটন, ইসতিয়াক আহম্মেদ ফারুক, তাজুল ইসলাম ও মন্জু মোল্লা।