বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬,
বনশ্রী হত্যাকাণ্ড

বনশ্রীতে স্বামীকে ভয়েস কল দিয়ে চার বছরের শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৮, ২০২৬, ০৭:২৯ পিএম

বনশ্রীতে স্বামীকে ভয়েস কল দিয়ে চার বছরের শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

রাজধানীর বনশ্রীতে মর্মান্তিক এক হত্যাকাণ্ড ঘটেছে। পারিবারিক দ্বন্দ্বের জেরে আসফিয়া জাহান নূর নামের চার বছরের এক শিশুকন্যাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার নিজের মা মেহেরুননেসার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মেহেরুননেসাকে আটক করেছে রামপুরা থানা পুলিশ।

মঙ্গলবার বিকেলে বনশ্রীর বি-ব্লকের সাত নম্বর রোডের পঁচিশ নম্বর বাসার তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

শিশুটির দাদি ফরিদা ইয়াসমিন জানান, মঙ্গলবার বিকেলে মেহেরুননেসা হোয়াটসঅ্যাপের ভিউ ওয়ানস ফিচার ব্যবহার করে শিশুর বাবা আশরাফুল হক ইমনকে একটি ভয়েস মেসেজ পাঠান। সেখানে তিনি বলেন, তোর মেয়েরে মাইরা ফেলতেছি। এরপর আরেকটি ভয়েস মেসেজ পাঠিয়ে তিনি বলেন, আমি তোর মাইয়ারে মাইরা ফেলাইছি। তিনি আরও জানান, মেহেরুননেসা তার ছেলেকে বিভিন্ন সময় শারীরিক নির্যাতন করতেন। সবসময় অতিরিক্ত রাগ ও অভিমান করে থাকতেন। বিয়ের আগে তারা বিষয়টি বুঝতে পারেননি। তারই করুণ পরিণামে তার নিষ্পাপ নাতনিকে গলা টিপে হত্যা করা হয়েছে।

অভিযুক্ত মেহেরুননেসা মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মৃত মহসীনের মেয়ে। অন্যদিকে শিশুর বাবা আশরাফুল হক ইমন একটি কাপড়ের দোকানে চাকরি করতেন। শিশুটির মরদেহ আজিমপুরে দাফন করার কথা রয়েছে।

এমন রোমহর্ষক বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই শিশুর বাবা ইমন তার ভাড়া বাসার বাড়ির মালিক এমদাদুল হককে ফোন করে দ্রুত তাদের বাসায় গিয়ে খোঁজ নিতে বলেন। বাড়ির মালিক ওই ফ্ল্যাটে গিয়ে কোনো কিছু বুঝে ওঠার আগেই ঘাতক মা মেহেরুননেসা নিজে তাকে জানান, আমার মেয়েকে আমি মেরে ফেলেছি, আমাকে পুলিশে ধরিয়ে দিন, যা ইচ্ছা তাই করুন।

তাৎক্ষণিকভাবে বাড়ির মালিক জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর আগে আশরাফুল হক ইমন ও মেহেরুননেসার বিয়ে হয়। শুরুতে এক বছর সংসার জীবন মোটামুটি কাটলেও পাঁচ বছর ধরেই তাদের মধ্যে কলহ ও অশান্তি চলে আসছিল। এই দ্বন্দ্বের জেরে দুই পরিবারের পক্ষ থেকে এর কিছুদিন আগে কয়েক দফা সালিশে বসে মীমাংসা করে দেওয়া হলেও কিছুদিন যেতে না যেতেই আবার সাংসারিক ঝামেলা শুরু হতো।

রামপুরা থানার উপ-পুলিশ পরিদর্শক মো. শাহাদাত হোসেন বলেন, জরুরি সেবা নম্বর থেকে সংবাদ পেয়ে তারা বনশ্রীর ওই বাসার তৃতীয় তলার ফ্ল্যাট থেকে গতকাল সন্ধ্যায় শিশুটির মরদেহ উদ্ধার করেন। আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে শিশুটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্ত মেহেরুননেসাকে গ্রেফতার দেখিয়ে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, শিশুর বাবা ইমন বাসায় ছিলেন না। সেই সুযোগটিকেই কাজে লাগিয়ে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়। পারিবারিক কলহের জেরে এমন নৃশংস হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোক ও চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।