নভেম্বর ১৮, ২০২৬, ০৭:০১ পিএম
পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে ইমার্জিং নেশন্স ট্রফির যাত্রা শুরু করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। পরের ম্যাচে জিম্বাবুয়েকে হারালেও তৃতীয় ম্যাচে হেরে যায় নেদারল্যান্ডসের মেয়ের কাছে। তাতেই সেমিফাইনালের স্বপ্ন শেষ হয় টাইগ্রেসদের। আজ নিয়মরক্ষার ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে তিন রানের জয় পেয়েছে বাংলাদেশ।
ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত কুড়ি ওভারে ছয় উইকেটে একশো বত্রিশ রান করে বাংলাদেশ। জবাবে কুড়ি ওভারে পাঁচ উইকেটে একশো উনত্রিশ রানে থামે থাইল্যান্ড নারী দলের ইনিংস। রান তাড়া করতে নামা থাইল্যান্ডের শুরুটাই ভালো হতে দেননি বাংলাদেশি স্পিনার সানজিদা আক্তার মেঘলা। প্রথম ওভারের তৃতীয় বলেই নাথাকান চানথামকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। আরেক ওপেনার পান্নিতা মায়াকে সতেরো রানে বোল্ড আউট করেন রিতুমনি।
তৃতীয় উইকেটে জুটি গড়ে থাইল্যান্ডকে জয়ের স্বপ্ন দেখান নান্নাপাত ও নারুইমেই। তবে দলকে জয় এনে দিতে পারেননি কেউই। ফিফটি পূরণের পর সাতান্ন রানে থামে নান্নাপাতের ইনিংস। আর তেত্রিশ রান করেন নারুইমেই। শেষদিকে এগারো বলে তেরো রান করেন সার্নসিরে প্ল্যান্ট। এছাড়া সুথিরুয়াং তিন ও সুয়ানচোনরাথি চার রান করেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন মেঘলা। আর একটি করে উইকেট পেয়েছেন রিতুমনি ও জান্নাতুল ফেরদৌস।
এর আগে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশেরও। দলীয় পনেরো রানে সাজঘরে ফেরেন দুই ওপেনার। দিলারা দুই ও সাথি রানি বারো রান করেন। পরের উইকেটে খেলতে নামা শারমিন আক্তারের ব্যাট থেকে আসে ষোলো রান। এরপর দলনেতা সোবহানা মোস্তারিকে নিয়ে জুটি গড়েন উইকেটকিপার ব্যাটার নিগার সুলতানা জ্যোতি। দলের হয়ে সর্বোচ্চ পঁয়তাল্লিশ রানের ইনিংসটি খেলেন তিনি। আর আঠাশ রান করেন সোবহানা। এছাড়া স্বর্ণা আক্তার চৌদ্দ ও রিতুমনি বারো রান করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন