বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬,
বলিউড সিনেমা

অবশেষে মিলল সেন্সর ছাড়পত্র, মুক্তি পাচ্ছে সালমান খানের ‘মাতৃভূমি’

বিনোদন ডেস্ক

নভেম্বর ১৮, ২০২৬, ০৬:০০ পিএম

অবশেষে মিলল সেন্সর ছাড়পত্র, মুক্তি পাচ্ছে সালমান খানের ‘মাতৃভূমি’

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পেয়েছে বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত আলোচিত সিনেমা ‘মাতৃভূমি’। আগামী ৪ ডিসেম্বর সিনেমাটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।

শুরুতে সিনেমাটির নাম রাখা হয়েছিল ‘ব্যাটল অব গালওয়ান’। ভারত ও চীন সীমান্তের সংঘাতের ছায়া অবলম্বনে নির্মিত এই সিনেমাটি মুক্তির শুরু থেকেই নানা কূটনৈতিক জটিলতার মুখে পড়ে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে সিনেমাটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘মাতৃভূমি’। তবে নাম পরিবর্তনের পরও দীর্ঘ সময় ধরে মুক্তির অনুমতি মেলেনি। শেষ পর্যন্ত বুধবার ভারতের সার্টিফিকেশন বোর্ড সিনেমাটিকে প্রদর্শনের ছাড়পত্র প্রদান করে।

বোর্ডের পক্ষ থেকে সিনেমাটিকে ‘ইউ/এ ১৬+’ ক্যাটাগরিতে ছাড়পত্র দেওয়া হয়েছে। সেন্সর বোর্ডের তথ্য অনুযায়ী, সিনেমাটির মোট দৈর্ঘ্য ২ ঘণ্টা ৩৪ মিনিট ১২ সেকেন্ড।

উল্লেখ্য, ২০২০ সালে ভারত ও চীনের মধ্যে সংঘটিত সীমান্ত সংঘাতের বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে ‘মাতৃভূমি’ সিনেমার গল্প সাজানো হয়েছে। এর বিষয়বস্তুতে চীনকে ঘিরে নানা সংবেদনশীল প্রসঙ্গ থাকায় কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটার আশঙ্কায় আপত্তি উঠেছিল। কারণ দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের টানাপোড়েন কাটিয়ে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের প্রক্রিয়া চলমান ছিল। তবে সকল সংশয় ও জটিলতা কাটিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে আসছে সালমানের এই নতুন সিনেমা।

‘মাতৃভূমি’ সিনেমায় সালমান খানের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং, অঙ্কুর ভাটিয়া, হীরা সোহাল, দয়াশঙ্কর পাণ্ডে, জেসন থাম, অভিলাষ চৌধুরী, বিপিন ভরদ্বাজ, সমর গিল, তেনজিন বোদ, তানিয়া দেশাই, জেইন শ ও অভিশ্রী সেন। সিনেমাটি পরিচালনা করেছেন খ্যাতনামা নির্মাতা অপূর্ব লাখিয়া।