নভেম্বর ১৮, ২০২৬, ০৫:৩৫ পিএম
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যুরো অব ডিজাস্টার অ্যান্ড হিউম্যানিটারিয়ান রেসপন্সের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টেইলর গ্যারেট। বুধবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন উপস্থিত ছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা কার্যক্রমে দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। এ সময় প্রতিরক্ষা উপদেষ্টা মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠী এবং বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের অব্যাহত মানবিক সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
অন্যদিকে, টেইলর গ্যারেট মানবিক সহায়তা কার্যক্রমে বাংলাদেশের উদারতার প্রশংসা করেন। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি। ভবিষ্যতে দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং মানবিক সহায়তা কার্যক্রমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান অংশীদারিত্ব আরও সুদৃঢ় হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন