নভেম্বর ১৮, ২০২৬, ০৪:২৫ পিএম
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বাণিজ্য, নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশসহ বিভিন্ন খাতে চলমান পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন দুই দেশের শীর্ষ নেতারা। বুধবার (১৮ নভেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় দেশটির জাতীয় সংসদ ভবনে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ড. হারিনি আমারাসুরিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপক্ষীয় পর্যায়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও সুসংহত ও বেগবান করার ওপর জোর দেন তারা।
বৈঠকের একপর্যায়ে বাংলাদেশের বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক উদ্যোগের সঙ্গে শ্রীলঙ্কা সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচির তুলনামূলক দিকগুলো তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে গৃহীত ‘ফ্যামিলি কার্ড’, ‘ফার্মার্স কার্ড’, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০ হাজার কিলোমিটার খাল ও জলপথ পুনর্খননের উদ্যোগের সঙ্গে শ্রীলঙ্কার বর্তমান সরকারের ‘প্রজাশক্তি’ ও ‘ক্লিন শ্রীলঙ্কা’ কর্মসূচির দর্শন ও মূল উদ্দেশ্যের চমৎকার মিল রয়েছে।
বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে ভবিষ্যতে তাদের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। এর আগে ও পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৯৮২ সালে নির্মিত ঐতিহাসিক শ্রীলঙ্কার জাতীয় সংসদ ভবন ঘুরে দেখেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন