নভেম্বর ১৮, ২০২৬, ০৩:৩৮ পিএম
জর্ডানের সামরিক বাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টার প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয়েছে। বুধবার স্থানীয় সময় সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে দেশের ঠিক কোথায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে এবং সেটিতে কতজন ক্রু বা সদস্য ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি জর্ডানের সামরিক বাহিনী।
জর্ডানের সামরিক বাহিনীর জেনারেল কমান্ডের একটি সূত্র আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই সেনাবাহিনীর বিশেষায়িত দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং উদ্ধারকাজ পরিচালনা করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করেছে। পৃথক এক বিবৃতিতে জর্ডানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, আনুষ্ঠানিক নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
এর আগেও সাম্প্রতিক বছরগুলোতে জর্ডানে বিমান প্রশিক্ষণ অনুশীলনের সময় বেশ কয়েকটি প্রাণঘাতী দুর্ঘটনার রেকর্ড রয়েছে। ২০২৩ সালে রাজধানী আম্মানের কাছাকাছি একটি প্রশিক্ষণ মিশনের সময় জর্ডান বিমান বাহিনীর একটি কোবরা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হন। ওই হেলিকপ্টারটিতে দুজন পাইলট ছিলেন। তার আগের বছর অর্থাৎ ২০২২ সালেও জর্ডান সেনাবাহিনীর আরেকটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছিল, যেটিতে দুজন পাইলট প্রাণ হারিয়েছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন