বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬,
কূটনীতি

আগামী বছরের শুরুতে বাংলাদেশ সফরে আসতে পারেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৮, ২০২৬, ০২:৩৫ পিএম

আগামী বছরের শুরুতে বাংলাদেশ সফরে আসতে পারেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েক। কলম্বোয় শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বুধবার কলম্বোয় অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সানন্দে আমন্ত্রণ গ্রহণ করেন এবং বাংলাদেশের নেতৃত্বের সঙ্গে সাক্ষাতের জন্য ২০২৭ সালের শুরুর দিকে ঢাকা সফরের ইচ্ছের কথা জানান। সাক্ষাতকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের কাছে উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেন।

হুমায়ুন কবির বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দীর্ঘস্থায়ী সম্পর্কের কথা স্মরণ করে এই সম্পর্ক আরও জোরদারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন। তিনি জানান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান উভয় দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে এবং পূর্বসূরিদের রেখে যাওয়া এই ধারাকে সফলভাবে এগিয়ে নিতে অত্যন্ত আগ্রহী।

সাক্ষাতের একপর্যায়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দারিদ্র্য বিমোচনে শ্রীলঙ্কার রাষ্ট্রপতির গৃহীত ‘ক্লিন শ্রীলঙ্কা’ এবং ‘প্রজা শক্তি’ উদ্যোগের উচ্চ প্রশংসা করেন। এর জবাবে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের জনকল্যাণমুখী উন্নয়ন মডেলের বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগ তুলে ধরেন। এর মধ্যে রয়েছে ২০ হাজার কিলোমিটার খাল খনন, ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা। এ ছাড়া বাংলাদেশ সরকারের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মারস কার্ড’ কর্মসূচির বিষয়গুলোও বৈঠকে আলোচনায় স্থান পায়।

বৈঠকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জবাবে শ্রীলঙ্কার প্রেসিডেন্টও বাংলাদেশ ও শ্রীলঙ্কা মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ভবিষ্যতে আরও সুদৃঢ় ও এগিয়ে নেওয়ার বিষয়ে নিজের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।