নভেম্বর ১৮, ২০২৬, ০২:০৭ পিএম
দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিন জেলায় দায়িত্ব পালন করছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২৬ প্লাটুন সদস্য। এর মধ্যে গাজীপুরে ১৪ প্লাটুন, গোপালগঞ্জে ৮ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছেন।
বুধবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জের সাম্প্রতিক অস্থিরতা এবং গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে উদ্ভূত পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করা, যান চলাচল স্বাভাবিক রাখা এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে এসব সদস্য দায়িত্ব পালন করছেন।
দায়িত্ব পালনকালে তারা অত্যন্ত ধৈর্য, সংযম ও পেশাদারত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছেন। বলপ্রয়োগ এড়িয়ে বাঁশি ও কৌশলী অবস্থানের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। পাশাপাশি সরকারি স্থাপনা ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে তাঁরা সতর্ক অবস্থানে রয়েছেন।
মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত এসব সদস্যের কার্যক্রম তদারকি এবং মনোবল ধরে রাখতে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত খোঁজখবর নিচ্ছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা, নাশকতা প্রতিরোধ এবং রাষ্ট্রীয় সম্পদ ও জননিরাপত্তা রক্ষায় আনসার ব্যাটালিয়ন সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করে যাচ্ছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন