বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬,
মাছের মেলা

জয়পুরহাটের কালাইয়ে মাছের মেলায় ৩৫ কেজি ওজনের কাতলা মাছ বিক্রি ৫৬ হাজারে

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৮, ২০২৬, ০১:০৪ পিএম

জয়পুরহাটের কালাইয়ে মাছের মেলায় ৩৫ কেজি ওজনের কাতলা মাছ বিক্রি ৫৬ হাজারে

নতুন ধানের ঘ্রাণে মুখরিত গ্রামবাংলায় নবান্ন উৎসবকে কেন্দ্র করে জয়পুরহাটের কালাইয়ে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা। স্থানীয়দের কাছে এটি ‘জামাই মেলা’ নামে পরিচিত। একদিনের এই মেলায় ছোট-বড় নানা প্রজাতির মাছ নিয়ে হাজির হয়েছেন ব্যবসায়ীরা। আর পছন্দের বড় মাছ কিনতে দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন ক্রেতা ও জামাইরা। সব মিলিয়ে কোটি টাকার মাছ বেচাকেনায় জমে উঠেছে ঐতিহ্যবাহী এই আয়োজন।

প্রতিবছর অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার কালাই উপজেলার পাঁচশিরা বাজারে এই মাছের মেলা বসে। স্থানীয় রীতি অনুযায়ী গ্রামবাংলার ঐতিহ্য আর নবান্নের উৎসব যেন এক সুতোয় গাঁথা। নতুন ধানের ঘ্রাণ ছড়ানোর সঙ্গে সঙ্গেই মেলায় বড় বড় মাছ কেনার ধুম পড়ে যায়। মেলায় একেকটি রুই ও কাতলা মাছের ওজন ১৫ থেকে শুরু করে ৩৫ কেজি পর্যন্ত হয়ে থাকে। ব্যবসায়ীদের দাবি, এই এককদিনের মাছের মেলায় কোটি টাকার মাছ কেনাবেচা হয়।

বৃহস্পতিবার সকাল থেকে মেলার বিভিন্ন দোকান ঘুরে দেখা যায়, কেউ কিনছেন বিশাল আকৃতির কাতলা, কেউবা রুই। মাছের রাজকীয় আকার দেখে থমকে দাঁড়াচ্ছেন দর্শনার্থীরা। পছন্দের মাছ কিনতে চলছে তুমুল দরদাম। ক্রেতা ও বিক্রেতার হাঁকডাকে মুখর পুরো মেলা প্রাঙ্গণ। প্রচলিত রীতি অনুযায়ী, এদিন শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন জামাইরা। পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের জন্য বড় মাছ কেনার ধুম পড়ে যায় তাদের মধ্যে। আর এই ঐতিহ্যবাহী আয়োজনকে ঘিরেই মেলায় তৈরি হয়েছে উৎসবের আমেজ।

মেলায় মাছের ব্যবসায়ী শাহাজান আলী বলেন, প্রতি বছরই অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার পাঁচশিরা বাজারে এই মেলা বসে। এ মাছের মেলায় শুধু স্থানীয় ব্যবসায়ীরা নন, বরং উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে নদ-নদী, খালবিল ও চাষের পুকুর থেকে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ সংগ্রহ করে বিক্রির জন্য আনা হয়।

তিনি আরও জানান, মাছের আকারভেদে রুই ও কাতলা মাছের দাম হাঁকা হচ্ছে ৪০০ থেকে ১৬০০ টাকা কেজি পর্যন্ত। মেলায় সর্বোচ্চ ৩৫ কেজি ওজনের একটি কাতলা মাছ বিক্রির জন্য দোকানে উঠেছে। যার প্রতি কেজির দাম ১৬০০ টাকা হাঁকা হচ্ছে। এতে করে ৩৫ কেজি ওজনের ওই কাতলা মাছটির দাম পড়ছে ৫৬ হাজার টাকা। ক্রেতারাও দামদর করে মাছ দেখছেন ও কিনছেন।

স্থানীয় বাসিন্দা লায়ন বলেন, প্রতি বছর এই মেলাকে কেন্দ্র করে কালাইয়ের প্রতিটি বাড়িতে জামাই-মেয়ের সমাগম ঘটে। নবান্ন উপলক্ষে জামাইয়েরা মাছের মেলা থেকে প্রতিযোগিতা করে বড় বড় মাছ কিনে শ্বশুরবাড়িতে নিয়ে যান এবং শ্বশুররাও মাছ কিনে জামাইয়ের বাড়িতে পাঠান।

মেলার আয়োজক ও হাটবাজার ইজারাদার আব্দুল লতিফ জানান, একসময় গ্রামীণ জনপদের মানুষের মধ্যে এই মাছের মেলা সীমাবদ্ধ থাকলেও কালের পরিক্রমায় এর পরিচিতি ছড়িয়ে পড়েছে আশপাশের বিভিন্ন এলাকায়। মেলা ঘিরে আইনশৃঙ্খলার পাশাপাশি সব ধরনের সুবিধা নিশ্চিত করা হয়েছে। মেলায় ছোট-বড় মিলিয়ে প্রায় অর্ধশতাধিক মাছের দোকান বসেছে। আজকের এ মেলায় প্রায় কোটি টাকার মাছ বিক্রির আশা করছেন তারা। মূলত গ্রামীণ জনপদের হারিয়ে যাওয়া নবান্ন উৎসবকে স্মরণীয় করে রাখতেই প্রতি বছর এই মেলার আয়োজন করা হয়।