বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬,
রাজনৈতিক পরিস্থিতি

ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে দাবি করেছেন রিজভী

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৮, ২০২৬, ০১:১১ পিএম

ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে দাবি করেছেন রিজভী

ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ধৈর্যের সীমা যাতে ভেঙে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ১৯৪৯ সালে মওলানা ভাসানী যে আওয়ামী লীগ গঠন করেছিলেন, পরে তিনি ন্যাপ গঠন করলে সেই দলের লোকেরাই তাকে ভারতের চর বলে আক্রমণ করেছিলেন। অথচ আজ তারাই প্রতিবেশী রাষ্ট্রে বসে দেশকে অস্থিতিশীল করার জন্য পুলিশের গাড়িতে ও বিএনপি নেতার বাড়িতে বোমা ও ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছেন। কলকাতা, দিল্লি ও ব্যাংককে ফ্ল্যাট কিনে সেখানে বসে ভিডিও বার্তার মাধ্যমে নাশকতার নির্দেশ দেওয়া হচ্ছে এবং দেশে কিছু দুষ্কৃতকারীকে দিয়ে বোমাবাজি করানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন, অতীতে ব্যাংক লুটপাট এবং প্লট দখলের সেই পুরোনো আধিপত্য ফিরে পেতেই বোমাবাজি করে রাজনৈতিক মাঠে প্রত্যাবর্তনের চেষ্টা চলছে। তবে যে জাতি মওলানা ভাসানী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নেতার জন্ম দিয়েছে, সেই জাতিকে বিদেশ থেকে উসকানি দিয়ে বা বোমা মেরে দমানো সম্ভব নয় বলে দৃঢ় ব্যক্ত করেন তিনি।

মওলানা ভাসানীর রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ব্রিটিশ ভারত থেকে শুরু করে আসাম ও শ্রীলঙ্কায় কৃষক-শ্রমিকের অধিকার আদায় এবং সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদবিরোধী লড়াইয়ে মওলানা ভাসানী আজীবন সংগ্রাম করেছেন। ১৯৫৭ সালেই তিনি অনুধাবন করতে পেরেছিলেন যে পাকিস্তান টিকবে না এবং এ দেশ স্বাধীন হবে। মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হিসেবে জাতীয় স্বার্থে তিনি সবাইকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক অস্থির সময়ে ও ১৯৭৬ সালে ঐতিহাসিক ফারাক্কা মিছিলের মাধ্যমে মওলানা ভাসানী আধিপত্যবাদের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। মওলানা ভাসানীর পূর্ণাঙ্গ জীবনী এখনো রচিত হয়নি উল্লেখ করে রিজভী বলেন, উত্তর প্রজন্মের কাছে তার আদর্শ সঠিকভাবে তুলে ধরতে তার সংগ্রামী জীবন নিয়ে আরও নিবিড় গবেষণা প্রয়োজন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মওলানা ভাসানীর দৌহিত্র নজরুল হক নান্নু, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাহিদুর রহমান এবং ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।