নভেম্বর ১৮, ২০২৬, ০১:১৬ পিএম
আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত নতুন চুক্তি করেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। তবে এই নতুন যাত্রায় বড় এক ধাক্কাও খেয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। মাঠে সময়ের সেরা তারকা লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পথ ধরে এবার কোচিং প্যানেল থেকেও বিদায় নিয়েছেন দীর্ঘদিনের বিশ্বস্ত সহযোদ্ধা ওয়াল্টার স্যামুয়েল। কোস্টারিকার বিপক্ষে বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ শেষে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে আর্জেন্টিনা দল।
বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে স্কালোনির শিষ্যরা। এই স্মরণীয় জয়ের ম্যাচটি দিয়েই আর্জেন্টিনা জাতীয় দলের সহকারী কোচের দায়িত্বে ইতি টেনেছেন সাবেক এই ডিফেন্ডার। প্রধান কোচ হিসেবে নিজের স্বতন্ত্র কোচিং ক্যারিয়ার শুরু করার লক্ষ্যেই ডাগআউট ছাড়ছেন তিনি। নতুন করে তার স্থলাভিষিক্ত কাউকে না নেওয়ার কথা জানিয়ে প্রধান কোচ লিওনেল স্কালোনি সংবাদমাধ্যমকে বলেন, আমরা নতুন কাউকে যুক্ত করব না। এখন সাতজন আছি, আর আমাদের বিশ্বাস সেটাই যথেষ্ট। আমার মনে হয় আমরা ভালো আছি।
ওয়াল্টার স্যামুয়েলের সম্মানে ড্রেসিংরুমে একটি আবেগঘন বিদায় সংবর্ধনার আয়োজন করে আর্জেন্টিনা দল। সেই মুহূর্তের কথা স্মরণ করে স্কালোনি আরও জানান, তার জন্য ছোট একটি বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দলের অর্জনে তিনি কতটা বড় ভূমিকা রেখেছেন তা তার অনুপস্থিতিতে আরও গভীরভাবে উপলব্ধি করা যাবে। আপাতত তাঁর জায়গায় কাউকে আনা হচ্ছে না, কারণ তাঁর স্থান পূরণ করা সম্ভব নয়। যেভাবে আছি সেভাবেই চলব। ভবিষ্যতে যদি তাকে খুব বেশি প্রয়োজন বলে মনে হয়, তবে যোগাযোগ করা হবে।
কোস্টারিকা ম্যাচ শেষে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সামাজিক যোগাযোগমাধ্যমে ড্রেসিংরুমে স্যামুয়েলের বিদায়ী সংবর্ধনার একটি ভিডিও প্রকাশ করে। সেখানে তাকে একটি সম্মাননা স্মারক এবং জাতীয় দলের হয়ে খেলার সময়কার নম্বরসংবলিত দুটি জার্সি উপহার দেওয়া হয়। আবেগাপ্লুত কণ্ঠে স্যামুয়েল বলেন, বছরগুলো ছিল অসাধারণ। পরিবার আমার পাশে ছিল, তাদের প্রতি ভালোবাসা জানাই। লিওনেল মেসি ও এএফএ সভাপতি ক্লদিও তাপিয়াসহ পুরো কোচিং স্টাফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, ড্রেসিংরুমকে মনে হয়েছে দ্বিতীয় পরিবারের মতো। ফুটবলে যা কিছু অর্জন, তার পেছনে সবার অবদান রয়েছে।
ব্যক্তিগত লক্ষ্য এবং নিজের মতো করে কোচিং ক্যারিয়ার গড়ার তাগিদ থেকেই এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সাবেক এই আলবিসেলেস্তে ডিফেন্ডার। স্কালোনি জানান, স্যামুয়েল আগেই তাকে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছিলেন। বন্ধুর সর্বোচ্চ সাফল্য কামনা করে কোচিং স্টাফে স্যামুয়েলের রেখে যাওয়া শূন্যতা পূরণ করা সহজ হবে না বলে মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, ২০১৮ সালে আর্জেন্টিনা জাতীয় দলের ডাগআউটের দায়িত্ব নেওয়ার পর থেকেই লিওনেল স্কালোনির বিশ্বস্ত সঙ্গী ছিলেন ওয়াল্টার স্যামুয়েল। আলবিসেলেস্তেদের সাম্প্রতিক আন্তর্জাতিক সাফল্যের নেপথ্য কারিগরদের একজন হিসেবে গণ্য করা হয় তাকে। স্যামুয়েলের বিদায়ের পর স্কালোনির সহকারী কোচ হিসেবে বহাল থাকছেন পাবলো আইমার ও রবার্তো আয়ালা। এ ছাড়া গোলরক্ষক কোচ হিসেবে মার্টিন তোকালি, ভিডিও বিশ্লেষক হিসেবে মাতিয়াস মান্না এবং ফিজিওর দায়িত্বে লুইস মার্তিন নিজ নিজ পদে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন