বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬,
নারী অধিকার

বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৮, ২০২৬, ০৯:৩৫ পিএম

বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান

বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহায়তায় এসপিসিপিডি প্রকল্পের আওতায় গঠিত বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধবিষয়ক সাব-কমিটির প্রথম সভায় এই আহ্বান জানানো হয়।

বুধবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মোছা. তাহসিনা রুশদীর এমপির সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতি বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। এ জন্য ইউনিয়ন পর্যায়ের কমিটিগুলোর কার্যক্রম জেলা ও উপজেলা পর্যায় থেকে সমন্বয় ও পর্যবেক্ষণের কথা বলেন তিনি।

পাশাপাশি বিয়ে নিবন্ধনের সময় অনলাইন জন্মনিবন্ধন বাধ্যতামূলক করা, পাঠ্যবইয়ে এ বিষয়ে একটি অধ্যায় যুক্ত করা এবং নিজ নিজ নির্বাচনী এলাকায় জনপ্রতিনিধিদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বৈঠকে সংসদ সদস্য শামীম আরা বেগম স্বপ্না, আন্না মিনজ, নিলোফার চৌধুরী মনি, মো. রফিকুল ইসলাম খান এবং কাজী রফিকুল ইসলাম অংশগ্রহণ করেন।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং কমিটির সদস্যদের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিচিতি অনুষ্ঠিত হয়।

বাল্যবিবাহ প্রতিরোধ, কৈশোরকালীন গর্ভধারণ রোধ, কিশোরীদের শিক্ষার সুযোগ সৃষ্টি এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় ও নারীর সক্ষমতা বৃদ্ধি প্রসঙ্গে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় নারীর প্রতি পুরুষদের সহনশীল মনোভাব জোরদার ও এ বিষয়ে সেমিনার আয়োজন, আইনের যথাযথ প্রয়োগ ও বাস্তবায়ন, কোর্ট ম্যারেজ বন্ধ ও আইনের দ্বারা রেজিস্ট্রি ছাড়া বিবাহ বন্ধ করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি সর্বোচ্চ ও সর্বনিম্ন বাল্যবিবাহ যেসব জেলায় সংঘটিত হয়, সেগুলোর কারণ অনুসন্ধানের বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে জানানো হয়, বর্তমানে জেলা ও উপজেলা পর্যায়ে লিগ্যাল এইড অত্যন্ত সক্রিয় রয়েছে। নির্যাতনের শিকার নারীরা লিগ্যাল এইডের সহযোগিতার মাধ্যমে দ্রুত বিচার পেতে পারেন।

এ ছাড়া পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন, ২০১০ সংশোধনের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম চলমান রয়েছে বলেও বৈঠকে জানানো হয়।

বৈঠকে প্রকল্প পরিচালক, জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সংশ্লিষ্ট প্রতিনিধি এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।