বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে বাল্যবিবাহ প্রতিরোধে ওয়াইএমসিএ‍‍`র অ্যাডভোকেসি সভা

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৮, ২০২৬, ১১:৫১ পিএম

দিনাজপুরে বাল্যবিবাহ প্রতিরোধে ওয়াইএমসিএ‍‍`র অ্যাডভোকেসি সভা

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

‍‍`পরিবর্তনের জন্য তরুণীদের ঐক্যবদ্ধকরণ‍‍`—এই প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরে বাল্যবিবাহ প্রতিরোধ ও সমাজে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে একটি অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্থানীয় পল্লীশ্রীর মিলনায়তনে ইয়াং উইমেনস ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন (ওয়াইডব্লিউসিএ) এই সভার আয়োজন করে। ‍‍`দিনাজপুর রাইজআপ! টিম‍‍`-এর সার্বিক সহযোগিতায় দিনব্যাপী এই কর্মসূচি পালিত হয়। উদ্বোধনী নৃত্য, নিবন্ধন ও পরিচিতি পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে বাল্যবিবাহ প্রতিরোধের উপায় ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।প্যানেল আলোচনায় সরকারি কর্মকর্তা ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-এর প্রতিনিধি অ্যাডভোকেট সিরাজুম মনিরা জানান, বাল্যবিবাহ প্রতিরোধে আইনি সহায়তা জোরদার করার পাশাপাশি প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিচারপ্রাপ্তি সুগম করা অত্যন্ত জরুরি। শহর সমাজসেবা কর্মকর্তা মো. মাইনুল ইসলাম প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির ইতিবাচক দিক তুলে ধরে যুব সমাজকে সচেতন হওয়ার আহ্বান জানান।

মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের দিনাজপুর ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) প্রোগ্রাম অফিসার মোছা. সাবিহা বিনতে আনোয়ার ১০৯ হেল্পলাইনের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধে গৃহীত পদক্ষেপ তুলে ধরেন। তিনি জানান, দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন থেকে প্রতিদিন নিয়মিতভাবে বাল্যবিয়ে সংক্রান্ত বিভিন্ন ফোনকল ও তথ্য পাওয়া যায়। সামাজিক বা পারিবারিক সম্পর্কের অবনতি এবং নিরাপত্তার কথা বিবেচনা করে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হয় বলে তিনি নিশ্চিত করেন।

অনুষ্ঠানে ওয়াইডব্লিউসিএ দিনাজপুরের সাধারণ সম্পাদক পপি ফ্লোরেন্স লাকড়া নারী উন্নয়ন, ক্ষমতায়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সংগঠনের অতীত ভূমিকা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন। আলোচনা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে একটি উন্মুক্ত মতবিনিময় এবং দলীয় আলোচনার মাধ্যমে বাল্যবিবাহ বন্ধে ভবিষ্যৎ সামাজিক অ্যাডভোকেসি রূপরেখা তৈরি করা হয়।