বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬,
ফুটবল অঙ্গন

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে আইনি নোটিশ পাঠাচ্ছেন মেসি

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ১৮, ২০২৬, ০৮:০৮ পিএম

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে আইনি নোটিশ পাঠাচ্ছেন মেসি

লিওনেল মেসি আর আর্জেন্টিনার ফুটবলে নেই। কিন্তু তার নাম, ছবি ও ভিডিও ফুটেজ ব্যবহার করে বেশ ভালোই আয় করছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন বা এএফএ। সেই পথ বন্ধ করতেই এবার আইনি নোটিশ পাঠাতে যাচ্ছেন এলএমটেন।

স্প্যানিশ ক্রীড়া সংবাদপত্র মার্কার প্রতিবেদন অনুযায়ী, মেসির সম্মতি ছাড়া বাণিজ্যিক উদ্দেশ্যে যেন আর্জেন্টাইন ফুটবল সংস্থা তার নাম, ছবি ও ভিডিও ফুটেজ ব্যবহার না করে, সেই দাবি জানিয়ে তার আইনজীবীরা এএফএ সদর দপ্তরে একটি আনুষ্ঠানিক লিগ্যাল নোটিশ পাঠাতে যাচ্ছে। মেসির এই সিদ্ধান্তের পেছনে রয়েছে এএফএকে ঘিরে আর্থিক বিতর্ক এবং ফুটবল সংস্থার সঙ্গে সাবেক অধিনায়কের বাণিজ্যিক অংশীদারের মতবিরোধ।

আটবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন ফুটবলের নেতৃত্বের সঙ্গে নিজের ব্যক্তিগত ভাবমূর্তি যুক্ত করতে চাচ্ছেন না বলে জানা গেছে। এছাড়া এই পরিস্থিতি আন্তর্জাতিক স্পন্সরদের সঙ্গে তার সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও শঙ্কা রয়েছে।

মেসির এই অসন্তুষ্টির মূল কারণ হিসেবে জানা গেছে, এএফএ একটি আর্জেন্টাইন বিয়ার ব্র্যান্ডকে তাদের বোতলে মেসির ছবি ব্যবহার করার অনুমোদন দিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বিয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে বিজ্ঞাপনী চুক্তি থাকার কারণে এটি বিদ্যমান বাণিজ্যিক দায়বদ্ধতাগুলোর সঙ্গে একটি সংঘাত তৈরি করতে পারে।