বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬,
মাদকবিরোধী আন্দোলন

গাইবান্ধার ফুলছড়িতে মাদকবিরোধী সমাবেশে সম্মিলিত দেশ গড়ার আহ্বান

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৮, ২০২৬, ০৮:১৪ পিএম

গাইবান্ধার ফুলছড়িতে মাদকবিরোধী সমাবেশে সম্মিলিত দেশ গড়ার আহ্বান

ছবি : সংগ্রহীত

একটি সুন্দর সমাজ গঠন এবং মাদকের ভয়াবহ ছোবল থেকে পরিবার ও দেশকে রক্ষার লক্ষ্যে গাইবান্ধার ফুলছড়িতে একটি মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলার জমিলা আক্তার উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি। মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনসহ সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে শিক্ষক ও অভিভাবকদের আরও বেশি সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

জমিলা আক্তার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজু মিয়ার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির ফুলছড়ি উপজেলা সদস্যসচিব জাহিদ হাসান জীবন, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলী খান ও ইউপি সদস্য মনিরুজ্জামান মনি, সাংবাদিক আতিকুর রহমান এবং শিক্ষার্থী মাধবী আকতার মেধা।

বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর কারণে তরুণসমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি পরিবার ও সামাজিক কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান বক্তারা।

সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা মাদকমুক্ত পরিবার, সমাজ ও দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।