বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬,
দুর্নীতি দমন

ঠাকুরগাঁও হাসপাতালের কেনাকাটায় অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৮, ২০২৬, ০৩:০৭ পিএম

ঠাকুরগাঁও হাসপাতালের কেনাকাটায় অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

ছবি : সংগ্রহীত

ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের বিভিন্ন পণ্য ও সেবা কেনাকাটায় অনিয়ম, জালিয়াতির মাধ্যমে অযোগ্য প্রতিষ্ঠানকে কাজ দেওয়া এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে। এ ছাড়াও ক্ষমতার অপব্যবহার করে নিজের স্ত্রীর মালিকানাধীন প্রতিষ্ঠানের অনুকূলে ব্যাংকের নিলামে অননুমোদিতভাবে অংশ নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এসব সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে হাসপাতাল ও সংশ্লিষ্ট ব্যাংকে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম। বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের উপপরিচালক শেখ গোলাম মাওলা গণমাধ্যমকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

দুদক সূত্রে জানা গেছে, এর আগে গত মঙ্গলবার দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে তার সাথে ছিলেন উপসহকারী পরিচালক মোহা. জাহাঙ্গীর আলম ও আদালত সহকারী বেলাল হোসেন।

হাসপাতালের বিভিন্ন পণ্য ও সেবা কেনাকাটায় জালিয়াতির মাধ্যমে অযোগ্য প্রতিষ্ঠানকে কাজ দেওয়া এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ পায় সংস্থাটি। এ ছাড়াও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহা. ফিরোজ জামান জুয়েলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নিজের ও স্ত্রী জেসমিন রহিমের মালিকানাধীন প্রতিষ্ঠান যায়েদী ট্রেডার্সের অনুকূলে যমুনা ব্যাংকের নিলামে অননুমোদিতভাবে অংশ নেওয়ার অভিযোগ ওঠে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়েই দুদক এই অভিযান চালায়।

অভিযানকালে এনফোর্সমেন্ট টিম যমুনা ব্যাংক পিএলসির ঠাকুরগাঁও শাখা পরিদর্শন করে এবং নিলাম-সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র সংগ্রহ ও পর্যালোচনা করে। নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, ঠাকুরগাঁও পৌর শহরের আশ্রমপাড়ায় অবস্থিত যায়েদী ট্রেডার্স ওই নিলামে বিজয়ী হয়েছে। প্রতিষ্ঠানটির মালিক তত্ত্বাবধায়ক ডা. মোহা. ফিরোজ জামান জুয়েলের স্ত্রী জেসমিন রহিম। এই ঘটনায় নিলাম প্রক্রিয়ায় তত্ত্বাবধায়কের প্রভাব বিস্তারের সম্ভাবনা এবং স্বার্থের সংঘাতের প্রমাণ রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে দুদকের এনফোর্সমেন্ট টিম।

দুদক জানিয়েছে, অভিযানে সংগৃহীত নথিপত্র ও তথ্য-উপাত্ত বিস্তারিতভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। পর্যালোচনা শেষে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে। তবে অভিযান শেষে তাৎক্ষণিকভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। নথিপত্র যাচাইয়ের পরই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহা. ফিরোজ জামান জুয়েল সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগগুলো সত্য নয়। হাসপাতালের পক্ষ থেকে সব প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে। এর আগেও এ বিষয়ে সরকারি পর্যায়ে তদন্ত হয়েছে এবং অনেকে অভিযোগ করেছিলেন, কিন্তু সেই তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন। দুদক আবারও তদন্ত করছে এবং তাদের কাছেও যথাযথ কাগজপত্র জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে দুদকের উপপরিচালক শেখ গোলাম মাওলা বলেন, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করেছে। এ সময় সংশ্লিষ্ট ব্যাংক থেকে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। প্রাপ্ত নথিপত্র ও তথ্য-উপাত্ত পর্যালোচনা করে বিস্তারিত প্রতিবেদন কমিশনে পাঠানো হবে এবং কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।