বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬,
সীমান্ত অপরাধ

কুষ্টিয়া সীমান্তে সাড়ে ৯৫ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি ও মদ উদ্ধার

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৮, ২০২৬, ০৩:০২ পিএম

কুষ্টিয়া সীমান্তে সাড়ে ৯৫ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি ও মদ উদ্ধার

কুষ্টিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক তিনটি অভিযানে প্রায় ৯৫ লাখ টাকা মূল্যের একটি কষ্টিপাথরের মূর্তি ও ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ৯৪ কেজি ২৫০ গ্রাম ওজনের একটি শিবলিঙ্গ এবং ৬০ বোতল ভারতীয় মদ। এসব মালামালের আনুমানিক জব্দমূল্য ৯৫ লাখ ১৫ হাজার টাকা।

বুধবার বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে তেঁতুলবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হিন্দা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯৪ কেজি ২৫০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করা হয়। মূর্তিটির আনুমানিক জব্দমূল্য ৯৪ লাখ ২৫ হাজার টাকা।

অন্যদিকে, একই দিন রাত ১২টা ৪৫ মিনিটের দিকে রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মোহাম্মাদপুর মাঠে অভিযান চালিয়ে ৪১ বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবির একটি টহল দল। এসব মদের আনুমানিক জব্দমূল্য ৬১ হাজার ৫০০ টাকা। এ ছাড়া রাত ১২টা ৪০ মিনিটের দিকে তেঁতুলবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার তেঁতুলবাড়ি মাঠপাড়া মাঠে পৃথক অভিযান চালিয়ে আরও ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মদের আনুমানিক জব্দমূল্য ২৮ হাজার ৫০০ টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধ এবং দেশের মূল্যবান সম্পদ রক্ষায় বিজিবি নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি সীমান্ত অপরাধ দমনে ব্যাটালিয়নের সদস্যরা পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

তিনি আরও জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়নের কঠোর অবস্থান আগামীতেও অব্যাহত থাকবে। নিরাপদ ও অপরাধমুক্ত সীমান্ত প্রতিষ্ঠায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।