বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬,
সীমান্ত নিরাপত্তা

শেরপুর সীমান্তে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জন আটক

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৮, ২০২৬, ১২:৪৩ পিএম

শেরপুর সীমান্তে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জন আটক

ছবি : সংগ্রহীত

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার নালিতাবাড়ী উপজেলার মিশনমোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা সবাই রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

বুধবার ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালানবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিজিবির একটি টহল দল মিশনমোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে ওই ১২ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের ইমদাদুল হক (২৯), চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর গ্রামের আক্তারুল হক (২০), রাজশাহীর গোদাগাড়ীর শাগোয়ান ঘন্টি গ্রামের মিনারুন (১৯), চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর গ্রামের শামিম (২৩) ও রসুলপুর গ্রামের আব্দুর করিম (২১)।

এ ছাড়া এই দলে আরও রয়েছেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাদবপুর গ্রামের ইউসুফ (২১), দেয়ারমানিকচর গ্রামের শওকত আলী (৩৫), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরমোহনপুর নিচপাড়া গ্রামের আলামিন (২৪), রাজশাহীর গোদাগাড়ীর দেয়ারমানিকচর গ্রামের আব্দুল্লাহ (২৫) ও হাসান (২৫), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাবদুল বিশেষতুলা গ্রামের রুবেল (৩০) এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাতাহারি গ্রামের মেসবাউল (২০)।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ, ১৯৭৩ অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক নরুল আজিম বাইজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত চব্বিশ ঘণ্টা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সীমান্তে মাদক ও চোরাচালানি মালামাল পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি কঠোরভাবে অনুসরণ করছে। জাতীয় নিরাপত্তা রক্ষা ও সীমান্ত শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।