বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬,
সড়ক দুর্ঘটনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মালবাহী ট্রাক উল্টে নয় কিলোমিটার দীর্ঘ যানজট

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৮, ২০২৬, ১১:১৬ এএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মালবাহী ট্রাক উল্টে নয় কিলোমিটার দীর্ঘ যানজট

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মালবাহী একটি ট্রাক উল্টে সড়কজুড়ে মালামাল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। এর ফলে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে প্রায় নয় কিলোমিটার দীর্ঘ তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থেকে চরম দুর্ভোগ ও বিপাকে পড়েছেন যাতায়াতকারী সাধারণ যাত্রী ও চালকরা।

খোঁজ নিয়ে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকে মহাসড়কের সোনারগাঁ অংশে এই যানজটের সূত্রপাত হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত বুধবার সকালে সাড়ে নয়টার পরও যানজটের তীব্রতা একইভাবে বজায় ছিল। সরেজমিনে দেখা যায়, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নয়াবাড়ী থেকে মোগড়াপাড়া চৌরাস্তা পর্যন্ত প্রায় নয় কিলোমিটার এলাক জুড়ে যানবাহনগুলো অত্যন্ত ধীরগতিতে চলাচল করছে। মাঝেমধ্যে কিছু গাড়ি সামান্য এগোলেও পুনরায় দীর্ঘ সময়ের জন্য পুরোপুরি থেমে যাচ্ছে।

যানজটে আটকে থেকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হওয়ায় ভুক্তভোগী যাত্রী ও চালকদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ পেয়েছে। আটকা পড়া যাত্রী মো. শাহাদাত জানান, মাত্র কয়েক মিনিটের পথ পার হতে বর্তমানে ঘণ্টার পর ঘণ্টা সময় লেগে যাচ্ছে, যার ফলে অফিসগামী ও সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ঘটনার বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল রানা জানান, মধ্যরাতে ঘুমের ঘোরে একটি মালবাহী ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ট্রাকটি ডিভাইডারের ওপর তুলে দেন। এর ফলে ট্রাকের বহন করা বিভিন্ন মালামাল সড়কজুড়ে ছড়িয়ে পড়ে এবং স্বাভাবিক যানচলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়।

খبر পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করার জন্য জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে একটি সার্ভিস লেন চালু করা হয়েছে জানিয়ে তিনি আশা প্রকাশ করেন যে, খুব দ্রুত সময়ের মধ্যে যানজট পুরোপুরি নিরসন করে মহাসড়কে স্বাভাবিক যানবাহন চলাচল নিশ্চিত করা সম্ভব হবে।