বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬,
জাতীয় পরিচয়পত্র

এনআইডি সেবা পেতে দীর্ঘসূত্রিতা ও হয়রানি নিয়ে ক্ষোভ প্রকাশ প্রধান নির্বাচন কমিশনারের

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৮, ২০২৬, ১১:২৪ এএম

এনআইডি সেবা পেতে দীর্ঘসূত্রিতা ও হয়রানি নিয়ে ক্ষোভ প্রকাশ প্রধান নির্বাচন কমিশনারের

জাতীয় পরিচয়পত্র বা এনআইডির জন্য আবেদন করে ছয় মাস, দশ মাস কিংবা দীর্ঘ কয়েক বছরেও সেবা না পাওয়ার অভিযোগ বিব্রতকর বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি স্পষ্ট জানিয়েছেন, এনআইডি সেবা গ্রহণ করতে গিয়ে সাধারণ নাগরিকদের সব ধরনের হয়রানি ও দুর্নীতি পুরোপুরি বন্ধ করতে চায় নির্বাচন কমিশন।

শনিবার জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ শীর্ষক কর্মশালার উদ্বোধনী ও প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকরাও কর্মশালায় অংশ নেন।

সিইসি বলেন, এনআইডি কেন্দ্রিক দুর্নীতির যেসব অভিযোগ দীর্ঘদিনের, সেগুলোর অবসান চাই আমরা। কী করলে এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি সম্পূর্ণ বন্ধ করা সম্ভব, সে বিষয়ে উপস্থিত বিশেষজ্ঞদের কাছ থেকে কার্যকর ও বাস্তবসম্মত পরামর্শ কামনা করেন তিনি। মানুষের সেবা প্রাপ্তি নিশ্চিত করাই ইসির মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।

নাগরিকদের আবেদন গ্রহণের পর দ্রুত সাড়া দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, কোনো আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গেই আবেদনকারীকে বার্তা বা এসএমএস দিয়ে জানাতে হবে যে তার আবেদন গ্রহণ করা হয়েছে এবং তা প্রক্রিয়াধীন রয়েছে। আবেদনে কোনো কাগজপত্রের ঘাটতি থাকলে তাও স্পষ্টভাবে জানানোর ব্যবস্থা থাকতে হবে। তিনি আরও বলেন, কেউ আবেদন করার পর ছয় মাস ধরে কোনো জবাব পাবেন না বা তার আবেদন কোন পর্যায়ে আছে জানতে পারবেন না—এমন পরিস্থিতি চলতে পারে না। প্রয়োজনে আবেদনকারীকে মেমো নম্বর বা সিরিয়াল নম্বর দিতে হবে।

দায় এড়ানোর সংস্কৃতির সমালোচনা করে সিইসি বলেন, এনআইডি সংক্রান্ত সমস্যা দেখা দিলে অনেক সময় একে অন্যের ওপর দায় চাপানোর প্রবণতা বা ব্লেম গেম দেখা যায়। কারও জন্মনিবন্ধন বা শিক্ষাগত সনদে সমস্যা—এ ধরনের অজুহাত দেখিয়ে দায়িত্ব এড়ানো যাবে না। ব্লেম গেম বন্ধ করে মানুষকে সেবা দিতে হবে।

সাধারণ মানুষের ডিজিটাল সক্ষমতা ও সচেতনতার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, দেশের সবাই প্রযুক্তি ব্যবহারে সমানভাবে সচেতন নন। বিশেষ করে গ্রামের বয়স্ক মানুষদের পক্ষে অনলাইনে আবেদন করা বা এনআইডি ডাউনলোড করা বেশ কঠিন। তাই তাদের সক্ষমতা বিবেচনায় রেখেই সেবা প্রদানের সুনির্দিষ্ট ব্যবস্থা করতে হবে। নাগরিকদের সঠিক তথ্য দিয়ে আবেদন করার বিষয়ে সচেতন করতে নিয়মিত প্রচার-প্রচারণার ওপরও জোর দেন তিনি।

মৃত ব্যক্তির ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জটিলতার কথা উল্লেখ করে সিইসি বলেন, অনেক সময় পরিবার সরকারি সুবিধা হারানোর ভয়ে মৃত্যুর তথ্য জানাতে চায় না। এ ধরনের বিষয়গুলোও বিবেচনায় নিয়ে বাস্তবসম্মত সমাধান বের করতে হবে। স্মার্ট কার্ড বিতরণে সীমাবদ্ধতা থাকলে বিকল্প ব্যবস্থা চিন্তার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু ডাউনলোড করতে বললে গ্রামের মানুষ বোঝে না। তাদের কাছে কার্ড বা কাগজপত্র পৌঁছানোর উপায় ভাবতে হবে।

সবশেষে সিইসি বলেন, দেশের সব প্রতিষ্ঠানের নথিপত্রের শুদ্ধতার শতভাগ দায় নির্বাচন কমিশন নিতে পারে না, তবে এনআইডি প্রদানের ক্ষেত্রে ন্যূনতম কী কাগজপত্র প্রয়োজন তা নির্ধারণ করতে হবে, যাতে নাগরিকদের অযথা হয়রানির শিকার হতে না হয়।