বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬,

বিশ্বভ্রমণে বেরিয়ে ইসলাম গ্রহণ করলেন চীনের এক দম্পতি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৮, ২০২৬, ০৩:২২ পিএম

বিশ্বভ্রমণে বেরিয়ে ইসলাম গ্রহণ করলেন চীনের এক দম্পতি

বিশ্বভ্রমণে বেরিয়ে ইন্দোনেশিয়া থেকে তুরস্কে পৌঁছেছিলেন চীনের এক দম্পতি। সেখানে স্থানীয় এক তুর্কি পরিবারের আন্তরিক আতিথেয়তা এবং পবিত্র কোরআনের সংস্পর্শে এসে নাটকীয়ভাবে বদলে গেছে তাদের জীবন। দীর্ঘ আট বছরের সংসার জীবনের পর শেষ পর্যন্ত তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণের পর আনতালিয়ার একটি মসজিদে নতুন করে ইসলামী রীতি অনুযায়ী বিয়েও সম্পন্ন করেছেন এই দম্পতি।

প্রায় দুই বছর আগে বেইজিংয়ের চাকরি ছেড়ে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়েন মোইয়ান সং ও লুওশি শু নামের এই চীনা দম্পতি। উদ্দেশ্য ছিল ভিন্ন সংস্কৃতির মানুষের জীবনযাপন ও নতুন অভিজ্ঞতা অর্জন করা। ইন্দোনেশিয়া থেকে তাদের যাত্রা শুরু হলেও তুরস্কের আনতালিয়া শহরে এক তুর্কি পরিবারের সঙ্গে আকস্মিক পরিচয় তাদের জীবনের সম্পূর্ণ মোড় ঘুরিয়ে দেয়। দেশ ছাড়ার সময় ধর্মীয় বিশ্বাস পরিবর্তনের কোনো পরিকল্পনা ছিল না তাদের।

ভ্রমণের প্রথম গন্তব্য ইন্দোনেশিয়ায় মুসলমানদের সুন্দর আচরণ ও আতিথেয়তা তাদের বিশেষভাবে আকৃষ্ট করে। সেখান থেকেই মূলত ইসলাম সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়। পরবর্তীতে তুরস্কে পৌঁছানোর পর আনতালিয়ার কালেইচি এলাকার একটি পার্কে অবসরপ্রাপ্ত তুর্কি দম্পতি আয়সেল ও আবদুর রহমান আককোজের সঙ্গে তাদের পরিচয় হয়। ভাষা ভিন্ন হলেও অনুবাদ অ্যাপ ও সীমিত ইংরেজি সহায়তায় তাদের মধ্যে চমৎকার সম্পর্ক গড়ে ওঠে। আয়সেলের আমন্ত্রণে তার বাড়িতে যাওয়ার পর ইসলাম নিয়ে তাদের কৌতূহল আরও বাড়ে।

চীনা দম্পতির আগ্রহ দেখে আয়সেল তাদের পবিত্র কোরআনের একটি অনুবাদ উপহার দেন। চীন দেশে ফিরে যাওয়ার পর কোরআনের বার্তা তাদের গভীরভাবে প্রভাবিত করে। পরবর্তীতে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিয়ে তারা পুনরায় আনতালিয়ায় ফিরে আসেন। আকদেনিজ বিশ্ববিদ্যালয়ের মসজিদে ইমাম ও স্থানীয় মুসল্লিদের উপস্থিতিতে তারা আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন। মোইয়ান সং নিজের নাম পরিবর্তন করে রাখেন মুহাম্মদ মুরাদ এবং তার স্ত্রী লুওশি শু নাম নেন লায়লা বাতুল।

মসজিদের কাজি মুহাম্মদ কুশুক আট বছর আগে সম্পন্ন হওয়া তাদের বিবাহ বন্ধন নতুন করে ইসলামী শরিয়ত অনুযায়ী রেজিস্ট্রি করেন। মুহাম্মদ মুরাদ জানান, মুসলমানদের দয়া, সততা ও সুন্দর আচরণই তাদের সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে। কোনো ধরনের চাপ ছাড়াই তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছেন এবং এখন আগের চেয়ে অনেক বেশি মানসিক প্রশান্তি অনুভব করছেন। অন্যদিকে, লায়লা বাতুল ধর্মীয় জ্ঞান অর্জনে চীনা ভাষায় অনূদিত ইসলামি গ্রন্থ পড়া শুরু করেছেন। চীনা দম্পতি ও ওই তুর্কি পরিবারের সম্পর্ক পরবর্তীতে গভীর পারিবারিক বন্ধনে রূপ নিয়েছে।