বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

ইউটিউবে ওয়াজ শুনে ইসলাম গ্রহণ

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৬, ২০২৬, ১১:৩৪ এএম

ইউটিউবে ওয়াজ শুনে ইসলাম গ্রহণ

ইউটিউবে বিভিন্ন আলেমের ওয়াজ ও ইসলামী বক্তব্য শুনে অনুপ্রাণিত হয়ে নোয়াখালীর হাতিয়ায় সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হৃদয় চন্দ্র দাস (২৭) নামে এক যুবক। ইসলাম গ্রহণের পর তাঁর নতুন নাম রাখা হয়েছে মো. আব্দুল্লাহ।

সোমবার (৫ জানুয়ারি) রাতে উপজেলা সদরের অ্যাডভোকেট ফজলে আজিম তুহিনের চেম্বারে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে কালেমা পাঠ করেন।

আব্দুল্লাহ উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গৌরাঙ্গ বাবুর বাড়ির জগন্নাথ চন্দ্র দাসের ছেলে এবং পেশায় একজন পল্লী চিকিৎসক। তাঁর পরিবারে স্ত্রীসহ দুই সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. আব্দুল্লাহ (সাবেক হৃদয়) দীর্ঘদিন ধরে ইউটিউবে কোরআনের তাফসির ও নবীজির (সা.) জীবনকথা শুনতেন। ইসলামের শান্তি ও মানবিক জীবনব্যবস্থা তাঁকে গভীরভাবে প্রভাবিত করে। আত্মিক প্রশান্তির খোঁজে তিনি নিজ সিদ্ধান্তেই ধর্ম পরিবর্তনের সংকল্প করেন।ধর্মান্তরের পুরো প্রক্রিয়াটি আইনানুগভাবে সম্পন্ন করা হয়েছে। অ্যাডভোকেট ফজলে আজিম তুহিন জানান, যথাযথ নিয়ম মেনে নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট সম্পন্ন করা হয়েছে।

কালেমা পাঠের সময় সেখানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত মুসল্লিরা নবাগত ভাইকে আলিঙ্গন করেন এবং তাঁর জন্য বিশেষ দোয়া করা হয়।ইসলাম গ্রহণের পর অনুভূতি প্রকাশ করে মো. আব্দুল্লাহ বলেন, “ইউটিউবে ওয়াজ শুনতে শুনতে আমার ভেতরের অন্ধকার কাটতে শুরু করে। আজ মনে হচ্ছে আমি সঠিক পথ খুঁজে পেয়েছি। মনে এক অদ্ভুত শান্তি অনুভব করছি। আমি আমার পরিবারের সবাইকে ইসলামের ছায়াতলে আসার দাওয়াত দেব।”স্থানীয় আলেমগণ জানান, আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিতে চান, তাঁর জন্য নানা পথ খুলে দেন। আব্দুল্লাহর ঈমানি জীবন দৃঢ় হোক—এটাই তাঁদের প্রত্যাশা।