বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান ফুটবলার ক্যাথলিন সুজা

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৯:৫১ পিএম

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান ফুটবলার ক্যাথলিন সুজা

ক্যাথলিন সুজা, ফুটবলার

ব্রাজিলিয়ান জাতীয় নারী ফুটবল দলের রক্ষণভাগের খেলোয়াড় ও সৌদি আরবের ক্লাব আল নাসরের অধিনায়ক ক্যাথলিন সুজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বর্তমানে তিনি সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় ওমরাহ পালন করছেন। তার এই সিদ্ধান্তের বিষয়টি আন্তর্জাতিক ফুটবল অঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। 

আল নাসর ক্লাব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাদের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম পেজে এই খবরটি নিশ্চিত করেছে।সৌদি আরবের ক্লাবটি জানিয়েছে, সুজা সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন এবং এরপরই তিনি ওমরাহ পালনের জন্য মক্কায় যান। 

ক্লাবের পক্ষ থেকে শেয়ার করা ভিডিও ও ছবিতে তাকে পবিত্র কাবা প্রাঙ্গণে গভীর ধ্যানে মগ্ন থাকতে দেখা গেছে। ক্লাব কর্তৃপক্ষ এক বার্তায় সুজার এই নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছে এবং তার মানসিক প্রশান্তি ও দৃঢ়তার জন্য প্রার্থনা করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবল ভক্তরা তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

ক্যাথলিন সুজার ফুটবল ক্যারিয়ার বেশ বৈচিত্র্যপূর্ণ। ফুটসাল দিয়ে তার মাঠের জীবন শুরু হলেও পরে তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ পর্যায়ের ফুটবলে অংশ নেন। পেশাদার পর্যায়ে তিনি ইউরোপের শীর্ষ লিগগুলোতে দাপটের সাথে খেলেছেন। সৌদি আরবে আসার আগে তিনি ফ্রান্সের ক্লাব জিরুনডিন্স ডে বোর্দো, ইতালির ইন্টার মিলান এবং স্পেনের ঐতিহ্যবাহী ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে মাঠ মাতিয়েছেন। ২০২৪ সালে তিনি সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন এবং অল্প সময়ের ব্যবধানেই দলের নেতৃত্বের দায়িত্ব পান।

ব্রাজিল জাতীয় দলের হয়েও সুজার পারফরম্যান্স অত্যন্ত উজ্জ্বল। ২০১৮ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে তিনি দলের রক্ষণভাগের অন্যতম নির্ভরযোগ্য সেনানি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০১৯ সালের ফিফা নারী বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে শেষ ১৬-এর ম্যাচে তিনি ব্রাজিলের ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মাঠে নেমে বিশ্ববাসীর নজর কেড়েছিলেন। বর্তমানে তার এই ব্যক্তিগত জীবনের পরিবর্তন এবং খেলোয়াড়ি ক্যারিয়ারের নতুন অধ্যায় নিয়ে ক্রীড়া বিশ্বে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।