সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬,

ঢাকায় সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি গলফ চ্যাম্পিয়নশিপ শুরু

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ৩০, ২০২৬, ১২:২৮ এএম

ঢাকায় সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি গলফ চ্যাম্পিয়নশিপ শুরু

সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি গলফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠান। ছবি: সংগ্রহ।

আন্তর্জাতিক সামরিক ক্রীড়া পরিষদের ১৭তম সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি গলফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ প্রথমবারের মতো ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে শুরু হয়েছে।

আন্তর্জাতিক সামরিক ক্রীড়া পরিষদের তত্ত্বাবধানে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ এই চ্যাম্পিয়নশিপের আয়োজন করছে। এতে ১৪টি দেশের ১২১ জন সামরিক গলফার ও কর্মকর্তা অংশ নিচ্ছেন।

অংশগ্রহণকারী দেশগুলো হলো বাংলাদেশ, ব্রাজিল, কানাডা, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, ভারত, ইতালি, কেনিয়া, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, স্পেন ও শ্রীলঙ্কা। গলফাররা পুরুষ ও নারী একক ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন, পাশাপাশি দলীয় শিরোপার জন্যও লড়াই হবে।

গতকাল কুর্মিটোলা গলফ ক্লাবে চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন। সিআইএসএম সংগীতের সঙ্গে সিআইএসএম পতাকা উত্তোলন করা হয় এবং দলগুলোর মার্চ-অফ ও সামরিক ব্যান্ড প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

২৯ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত কুর্মিটোলা গলফ ক্লাবে মূল রাউন্ডের খেলাগুলো অনুষ্ঠিত হবে। সিআইএসএম-এর মূলমন্ত্র "ক্রীড়ার মাধ্যমে বন্ধুত্ব"-কে সামনে রেখে এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে। ২০২৫ সালের জুনে কেনিয়ায় অনুষ্ঠিত ১৬তম আসরে বাংলাদেশ নারী দল রৌপ্য পদক অর্জন করেছিল।