সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬,

ধর্মীয় সংখ্যালঘু বলতে কিছু নেই: গণপূর্ত প্রতিমন্ত্রী

জাতীয় ডেস্ক

নভেম্বর ৩০, ২০২৬, ১২:৩২ এএম

ধর্মীয় সংখ্যালঘু বলতে কিছু নেই: গণপূর্ত প্রতিমন্ত্রী

কাউখালীতে রাস মেলার সমাপনীতে বক্তব্য রাখছেন গণপূর্ত প্রতিমন্ত্রী।

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, এ দেশে ধর্মীয় সংখ্যালঘু বলতে কিছু নেই, সবাই আমরা বাংলাদেশি। হিন্দু-মুসলমান সবারই মাতৃভূমি বাংলাদেশ।

আজ সকালে পিরোজপুরের কাউখালী উপজেলায় শ্রী গুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের পাঁচ দিনব্যাপী ১৩৫তম আবির্ভাব উৎসব ও রাস মেলার সমাপনী মহোৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশটা আমাদের সবার। তাই সবাইকে মিলেমিশে দেশকে এগিয়ে নিতে কাজ করতে হবে। দেশ থেকে বিতাড়িত পলাতক গোষ্ঠীর পরিকল্পিত ষড়যন্ত্র ও অগ্নিসন্ত্রাসের হাত থেকে এ দেশকে আমাদেরই রক্ষা করতে হবে।

প্রতিবছর রাস পূর্ণিমায় এ ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়। এবারের পাঁচ দিনব্যাপী রাস উৎসবে ভারত, নেপালসহ দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক লাখ ভক্ত ও পুণ্যার্থীর সমাগম ঘটে। আজ দুপুরে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে এ বছরের উৎসবের সমাপ্তি হয়। তবে উৎসব উপলক্ষে আয়োজিত মেলা মাসব্যাপী চলবে।

অনুষ্ঠানে আশ্রম কর্তৃপক্ষ মন্দিরের বিভিন্ন সমস্যা ও উন্নয়নের বিষয় তুলে ধরেন। পাশাপাশি কাউখালীতে একটি ‍‍মডেল মন্দির‍‍ নির্মাণের দাবি জানান। জবাবে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর আশ্রম কর্তৃপক্ষের দাবিগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদ এবং কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন।

পরে বিকেলে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও জননিরাপত্তা নিশ্চিত করতে আয়োজিত এক বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, নেছারাবাদ উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। অপরাধী যে দলের বা যে পরিচয়েরই হোক না কেন, অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইন সবার জন্য সমান। রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাব খাটিয়ে কেউ যেন অপরাধ করে পার পেতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে কঠোর অবস্থান নিতে হবে।